২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণের হাহাকার থেকে ক্ষোভের সঞ্চার

প্রয়োজনীয় ত্রাণের অভাবে বেপরোয়া হয়ে উঠছে ভূমিকম্পে গৃহহীন হাইতির মানুষ। বৃহস্পতিবার দ্রুত ত্রাণ সরবরাহের দাবিতে মৃতদেহ দিয়ে রাস্তায় বাধা সৃষ্টি করে তারা। (ভিডিওসহ দেখুন)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2010, 07:53 AM

Updated : 24 Aug 2022, 06:11 PM

পোর্ট অব প্রিন্স, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রয়োজনীয় ত্রাণের অভাবে বেপরোয়া হয়ে উঠছে ভূমিকম্পে গৃহহীন হাইতির মানুষ। বৃহস্পতিবার দ্রুত ত্রাণ সরবরাহের দাবিতে মৃতদেহ দিয়ে রাস্তায় বাধা সৃষ্টি করে তারা। মঙ্গলবারের ভয়াবহ এই ভূমিকম্পে মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়ারা বিমানবন্দরে বিদেশি ত্রাণ আসা শুরুর পরও বিভিন্ন রাস্তায় বিক্ষোভ দেখায়। ভূমিকম্পের ৪৮ ঘণ্টা পরও লাখ লাখ মানুষ খাবার ও পানির অভাব নিয়েই নিজস্ব উদ্যোগে ধ্বংসস্তূপ থেকে নিখোঁজ স্বজনদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। টাইম ম্যাগাজিনের আলোকচিত্রী শল সোয়ার্জ বলেন, এ ধরনের অন্তত দুটি বিক্ষোভ দেখেছি। তারা মৃতদেহগুলো দিয়ে রাস্তায় বাধা তৈরি করছে। মানুষ এখনো কোনো ধরনের সাহায্য না পেয়ে বিক্ষুব্ধ এবং পরিস্থিতি খারামের দিকে যাচ্ছে। হাইতি রেডক্রস বলছে, ভূমিকম্পে অন্তত ৪৫ থেকে ৫০ হাজার লোক নিহত হয়েছে। আহতের সংখ্যা প্রায় ৩০ লাখ, যারা এখন গৃহহীন। আহতের এ সংখ্যা পোর্ট অব প্রিন্সের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ। পশ্চিম গোলার্ধের দরিদ্র এই দেশটির রাজধানী পোর্ট অব প্রিন্সে গত মঙ্গলবার রাতে ৭ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে প্রায় সব ভবনই ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে এখনো আটকে আছে অসংখ্য মানুষ। পরিকল্পিত উদ্ধারকাজ শুরুর নিদর্শন মেলেনি। হাইতির প্রেসিডেন্ট রেনে প্রেভাল বলেন, "আমরা ইতিমধ্যেই ৭ হাজার মানুষকে গণকবর দিয়েছি।" পোর্ট অব প্রিন্সের বিমান বন্দরে জরুরি বিমান ছাড়া অন্যান্য বিমান অবতরণ বাতিল করা হয়েছে। ত্রাণভর্তি বিমানগুলো দ্রুত অবতরণ করলেও জনবলের অভাবে ত্রাণ খালাস করা হচ্ছে খুবই ধীরগতিতে। আগে থেকেই রাজনৈতিকভাবে অস্থিতিশীলতার শিকার হাইতির জনগণ এখন খাবার, পানি ও চিকিৎসা সেবার সন্ধানে পোর্ট অব প্রিন্সের পথে পথে ঘুরছে। অতিসত্ত্বর ত্রাণ সরবরাহ না পেলে ভাঙ্গা হাড়, অতিরিক্ত রক্তক্ষরণ ও অন্যান্য গুরুতর অবস্থার অনেক রোগী মারা যাবে বলে সতর্ক করে দিয়েছে শহরটিতে পৌঁছে যাওয়া ত্রাণকর্মীরা। হাইতিতে একটি অনাথ আশ্রম চালান মার্কিন কোস্ট গার্ডের কর্মকর্তা পল কর্মিয়ার। তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টা অত্যন্ত কঠিন হবে। এর মধ্যেই পোর্ট অব প্রিন্সের দেলমাস এলাকার ভেঙ্গে পড়া বিভিন্ন বড় বিপণী বিতানগুলোর সামনে ভিড় জমাচ্ছে লুটেরার দল। কোনো ধরনের বাধা ছাড়াই তারা চুরি করে নিচ্ছে ইলেকট্রনিক পণ্য ও চালের ব্যাগ। কেউ কেউ নলের সাহায্যে পেট্রোল চুরি করছে পাম্পগুলো থেকে। ব্যবসায়ী মানুয়েল ডিহচ বলেন, পুলিশ সদস্যরা নিজেদের স্বজনদের খুঁজে বের করতে ও সমাহিত করতে ব্যস্ত। রাস্তায় টহল দেয়ার সময় তাদের এখন নেই। যুক্তরাষ্ট্র হাইতিতে সাড়ে ৩ হাজার সৈন্য, তিনশ' চিকিৎসাকর্মী, বেশ কয়েকটি জাহাজ পাঠিয়েছে। কানাডা থেকে পাঁচশ' সেনা সদস্য নিয়ে জাহাজ পথে রয়েছে এবং ইতিমধ্যেই একদল কর্মী এসে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা হাইতির পাশে দাঁড়ানোর অঙ্গীকার করে বলেছেন, "হাইতির মানুষকে বলছি, আপনাদের পরিত্যাগ করা হবে না। আমেরিকা আপনাদের সঙ্গে আছে, আছে সারা বিশ্ব।" যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন হাইতির প্রতি মনোযোগী হতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। হাইতির প্রায় অকোজো সরকারকে সহায়তা করতে জাতিসংঘ দীর্ঘমেয়াদি সহায়তার প্রস্তাব জানিয়েছে। দেশটির পার্লামেন্ট ভবন ধসে পড়েছে এবং কতোজন সাংসদ বেঁচে আছেন তাও এখন পর্যন্ত জানা যায়নি। দেশটির মূল কারাগার ভবনের একাংশও ধসে পরে কিছু অপরাধীও পালিয়ে গেছে। বিভিন্ন জায়গায় অস্থায়ী শিবির গড়ে উঠেছে এবং সেখানে খাবার পানির জন্য হাহাকার চলছে। এ সব ক্যাম্পের একটির সংগঠক ভালেরি লুইস বলেন, "আপনাদের পক্ষে যা কিছু করা সম্ভব করুন। এই মানুষগুলোর কাছে খাবার নেই, পানি নেই, ওষুধপত্র নেই। সাহায্য করারও কেউ নেই।" শহরটিতে এখনো ভূমিকম্পের পরাঘাত মাঝে-মধ্যে অনভূত হচ্ছে। তখন মানুষের আতঙ্ক বাড়ছে। ভূমিকম্পটির কেন্দ্র ছিলো মাটির উপরিতল থেকে মাত্র ১০ মাইল (১৬ কিলোমিটার) নিচে। ঘনবসতিপূর্ণ এই দেশটি দারিদ্র্য, নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ ও রাজনৈতিক অস্থিতিশীলতা মোকাবেলা করে আসছে অনেকদিন থেকেই। এই শহরটির সবখানে এখন মৃতদেহের ছড়াছড়ি। মানুষ নাকে কাপড় চাপা দিয়ে গন্ধ থেকে দূরে থাকার চেষ্টা করছে। পিক আপ ট্রাকে করে বিভিন্ন স্থান থেকে মৃতদেহ এনে পোর্ট অব প্রিন্সের হাসপাতালের সামনে স্তূপ করে রাখা হচ্ছে। হাসপাতালের পরিচালক গাই লা রোসে অনুমান করে বলেন, সেখানে প্রায় দেড় হাজার লোক রয়েছে। হাইতিতে বডিব্যাগ শেষ হয়ে যাওয়ায় রেডক্রস তা আরো পাঠাচ্ছে। জাতিসংঘ জানিয়েছে, হাইতিতে ৯ হাজার সদস্যবিশিষ্ট শান্তিরক্ষা মিশনের অন্তত ৩৬ সদস্য নিহত এবং আরো অনেকে নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার পোর্ট অব প্রিন্সের বিখ্যাত হোটেল মন্টানায় ধ্বংসস্তূপ থেকে ১৪ জন অতিথি ও কর্মচারীকে বের করে আনা হয়। এখানে উদ্ধার কাজের তত্ত্ববধানকারী চিলির সেনাবাহিনী সদস্য মেজর রোদরিগো ভাসকেস বলেন, ভেতরে আরো ৭০ জন আটকে আছে বলে ধারণা করা হচ্ছে। সারা বিশ্ব থেকেই ভারী যন্ত্রপাতি ও অনুসন্ধানী কুকুরসহ উদ্ধারকারী দল, হেলিকপ্টার, তাঁবু, পানি পরিশোধনকারী ইউনিট, খাবার, চিকিৎসক ও টেলিযোগাযোগ প্রকৌশলী দল পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে হাইতির রাস্তা-ঘাট এখন ধ্বংসস্তূপের কারণে বন্ধ হয়ে আছে। ত্রাণ বিতরণের দপ্তরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এদের কর্মকর্তা-কর্মচারীরা হয় আহত, নইলে মৃত। সমুদ্র বন্দরও মাল খালাসের অনুপযোগী হয়ে আছে। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী এই ব্যাপক উদ্ধার কাজের চাপ সামলে উঠতে পারছে না। হাইতির হাসপাতালগুলো সব কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সীমিত সুযোগ-সুবিধা নিয়েই ভাঙ্গা হাড়, থেঁতলে যাওয়া অঙ্গপ্রত্যঙ্গ ও মাথার আঘাতের চিকিৎসা করতে হচ্ছে চিকিৎসকদের। অনেকগুলো দেশই ভ্রাম্যমাণ হাসপাতাল, শল্য চিকিৎসক ও মানসিক রোগের চিকিৎসকও পাঠিয়েছে হাইতির জন্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১৩৪৫ ঘ.