জেনেভা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হাইতিতে ভয়াবহ ভূমিকম্পের পর জাতিসংঘ শান্তিরক্ষীরাসহ ২০০ কর্মী এখনও নিখোঁজ রয়েছে। জাতিসংঘের এক মুখপাত্র বৃহস্পতিবার একথা জানিয়েছেন।
ভূমিকম্পে ধসে পড়া জাতিসংঘ সদরদপ্তর ও অন্যান্য ভবনের নীচে কর্মীরা চাপা পড়ে আছে বলে মনে করা হচ্ছে।
হাইতিতে মানবিক ত্রাণ ও অন্যান্য সহায়তা সমন্বয় বিষয়ক জাতিসংঘ কার্যালয়ের (ওসিএইচএ) মুখপাত্র এলিজাবেথ বাইয়ার্স রয়টার্সকে বলেন, "৫০ থেকে ১০০ এমআইএনইউএসটিএএইচ (শান্তিরক্ষী) স্টাফ ধসে পড়া ভবনগুলোর নিচে চাপা পড়ে আছে। আর মোট ১১৫ থেকে ২০০ কর্মীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে এটি গতরাতের হিসাব বলে জানান তিনি।"
তিনি বলেন, হাইতিতে স্থানীয়ভাবে যাদেরকে জাতিসংঘ অফিসে নিয়োগ করা হয়েছিল তাদেরও কোনও হদিস পাওয়া যাচ্ছে না।
এর আগে বুধবার জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে থাকা অন্ততপক্ষে ১৬ জন নিহত হওয়ার কথা জানিয়েছিল জাতিসংঘ। সেইসঙ্গে নিহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনার কথাও জানায় তারা।
এক সাংবাদিক সম্মেলনে বাইয়ার্স বলেন, "জাতিসংঘ এবং হাইতির জনগণের জন্য এটি মর্মান্তিক। এখন সবচেয়ে আগে দরকার জীবন বাঁচানো, লোকজনকে ধ্বংসস্তুপ থেকে বের করে আনা এবং আহতদের চিকিৎসা করা দরকার।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৫৭ ঘ.
bdnews24