২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ২০

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় উরুজগান প্রদেশের একটি বাজারে আত্মঘাতী বোমা হামলায় বৃহস্পতিবার কমপক্ষে ২০ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2010, 12:19 PM

Updated : 24 Aug 2022, 06:10 PM

কান্দাহার, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় উরুজগান প্রদেশের একটি বাজারে আত্মঘাতী বোমা হামলায় বৃহস্পতিবার কমপক্ষে ২০ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছে। আফগানিস্তানের সরকারি এবং সেনা কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। তবে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, "উরুজগান প্রদেশের দেহ রাউদ জেলার বাজারে সন্ত্রাসীরা আত্মঘাতী হামলা চালিয়েছে। হামলায় ১৬ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে।" বিবৃতিতে আরও বলা হয়, এ হামলার তীব্র নিন্দা করেছেন প্রেসিডেন্ট হামিদ কারজাই। টেলিফোনে প্রাদেশিক পুলিশ প্রধান জুমা গুল হিমাত রয়টার্সকে জানান, নিহতদের তিন জন শিশু। ঠিক মধ্যাহ্ন ভোজনের আগে আগেই ভীড়াক্রান্ত বাজারে বোমা বিস্ফোরণ ঘটানো হয় বলে তিনি জানান। উরুজগানের উচ্চপদস্থ সেনা কর্মকর্তা জেনারেল আব্দুল হামিদ জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি বলেন,"হামলাকারীর ওয়েস্ট কোটের ভেতরে বিস্ফোরক আঁটা ছিল। অর্থবাজারের এক দারোয়ান তাকে চিনে ফেলায় সঙ্গে সঙ্গে হামলাকারী বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেওয়ার পাশাপাশি দারোয়ানসহ ২০ বেসামরিক ব্যক্তিকে হত্যা করে।" এদিকে, আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, হামলাকারীর লক্ষ্য স্পষ্ট জানা যায়নি। এ ঘটনায় তালেবানরা তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭১০ ঘ.