লন্ডন, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিন দশকের মধ্যে ভয়াবহ শীতে কাবু ব্রিটেনে বুধবার নতুন করে তুষারপাতে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। বাতিল করা হয়েছে লন্ডন গ্যাটউইক, বার্মিংহাম ও কার্ডিফ বিমানবন্দরের বহু ফ্লাইট।
ইংল্যান্ড, ডেভন থেকে এসেক্স এবং পশ্চিম মিডল্যান্ড থেকে উত্তর পশ্চিম ইংল্যান্ড পর্যন্ত প্রবল তুষারপাতের আশঙ্কায় সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। মৃদ বাতাসের কারণে সপ্তাহান্তে দেশজুড়ে বুষ্টি হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে তারা।
সাসেক্সের গ্যাটউইক বিমানবন্দরের রানওয়ে থেকে বরফ সরানোর জন্য ফ্লাইট বাতিল হওয়ায় ঝামেলায় পড়েছে যাত্রীরা। হিথ্রো বিমানবন্দর খোলা রাখা হলেও কিছু ফ্লাইট বাতিল করার খবর পাওয়া গেছে।
বার্মিংহাম বিমানবন্দরের বহু ফ্লাইট বাতিল করা হয়েছে। অন্যদিকে, কার্ডিফ বিমানবন্দর সকাল ১১টা পর্যন্ত বন্ধ রাখা হয়।
ওদিকে, আয়ারল্যান্ডে ঝড়ো হাওয়ায় বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে আড়াই হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।
প্রবল বৃষ্টি এবং বরফ গলা পানির কারণে দেশের দক্ষিণে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। নতুন করে শুরু হওয়া তুষারপাতে সর্বত্রই দেখা দিয়েছে যানবাহন সঙ্কট।
বাজে আবহাওয়ার কারণে পানির পাইপ ফেটে যাওয়ায় পানীয় জলের সঙ্কটও দেখা দিয়েছে বিভিন্ন স্থানে। ডাবলিনের বিভিন্ন স্থানে নগর কর্তৃপক্ষ ট্যাঙ্ক দিয়ে পানীয় জল সরবরাহ করছে।
ট্রেনে যাতায়াতকারী যাত্রীরাও বিড়ম্বনার শিকার হচ্ছেন সিগন্যাল সমস্যার কারণে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৯৩০ ঘ.
bdnews24