লন্ডন, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরোপে তিন শতাংশেরও বেশি মানুষের আকস্মিক মৃত্যু ঘটছে কোকেন সেবনের কারণে। এদের অনেকেই আবার একইসঙ্গে ধূমপান এবং মদপান করায় আকস্মিক মৃত্যুর শিকার হচ্ছে। বুধবার বিজ্ঞানীরা একথা জানিয়েছেন।
আকস্মিক মৃত্যু নিয়ে পরিচালিত গবেষণার ফলে দেখা গেছে, সামান্য পরিমাণ বিনোদোনমূলক কোকেন সেবনও নিরাপদ নয়। গবেষকরা বলছেন, ইউরোপের ১ কোটি ২০ লাখ কোকেনসেবীর জীবন সূতোর উপর ঝুলছে।
স্পেনের ইনস্টিটিউট অব লিগ্যাল মেডিসিন এর ফরেনসিক প্যাথলজি প্রধান জোয়াকিন লুসেনা বলেন,"
বিনোদনমূলক কোকেন সেবন নিরাপদ এ ধারণা বাদ দেওয়া উচিত। কারণ সামান্য পরিমাণ কোকেন সেবনও আকস্মিক মৃত্যুসহ জীবনকে ঝুঁকির মুখে ফেলতে পারে।"
লুসেনা এবং তার দল ২০০৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত স্পেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সংঘটিত আকস্মিক মৃত্যুর উপর গবেষণা চালিয়ে দেখেছেন, মৃত্যুবরণকারী রোগীদের ৩ দশমিক ১ শতাংশ কোকেন সেবনের সঙ্গে জড়িত। যা হৃদপিণ্ড এবং ধমনীর মারাত্মক ক্ষতি করে।
গবেষণায় আরও দেখা গেছে, কোকেন সেবনে আকস্মিকভাবে মারা যাওয়াদের সবাই পুরুষ। তাদের বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে। এদের ৮১ শতাংশ ধূমপায়ী এবং ৭৬ শতাংশ মদ্যপায়ী ছিল।
ইউরোপীয় হার্ট জার্নালে প্রকাশিত ওই গবেষণার ফলে লুসেনা আরও বলেন, "কোকেন সেবনের সঙ্গে ধূমপান কিংবা মদ্যপান বা উভয় অভ্যাস প্রাণঘাতী ককটেলে পরিণত হয়, যার কারণে অকাল হৃদরোগ দেখা দেয়।"
লুসেনা আরও জানান, তার বিশ্বাস এ তথ্য ইউরোপের বহু লোককে নিরাপদ করবে। কারণ কোকেন সেবন জনস্বাস্থ্যের জন্য হুমকি।
বিশেষজ্ঞরা হিসাব করে দেখেছেন, ইউরোপের ১ কোটি ২০ লাখ মানুষ কোকেন সেবন করে। ১৫ থেকে ৬৪ বছর বয়সী প্রাপ্ত বয়স্কদের মধ্যে এই হার ৩ দশমিক ৭ শতাংশ।
যুক্তরাজ্য, ইতালি এবং স্পেনের পাঁচ শতাংশেরও বেশি প্রাপ্ত বয়স্ক মানুষ জীবনে একবার হলেও কোকেন সেবন করে বলে গবেষণায় দেখা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৬৪৭ ঘ.
bdnews24