ওয়াশিংটন, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরমাণু কর্মসূচি বিরোধে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য বিশ্বের শক্তিধর দেশগুলো শনিবার নিউইয়র্কে বৈঠকে বসবে বলে আশা করা হচ্ছে। কূটনীতিকরা সোমবার একথা জানিয়েছেন।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের সঙ্গে জার্মানিকে নিয়ে আয়োজিত এ বৈঠকে নিষেধাজ্ঞা আরোপ নিতে মতানৈক্য দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ, যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে। অন্যদিকে, চীন স্পষ্টতই বলেছে, নিষেধাজ্ঞা আরোপের সময় হয়েছে বলে তারা মনে করে না।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান পারমাণবিক কর্মসূচির আড়ালে আণবিক বোমা বানানোর চেষ্টা করছে। যা নিরাপত্তা পরিষদকে আরও বেশি করে দেশটির উপর শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার দিকে ঠেলে দিচ্ছে। ইতোমধ্যেই ইরানের উপর তিন দফায় নিষেধাজ্ঞা আরোপ করেছে নিরাপত্তা পরিষদ।
ইরান অবশ্য বলেছে, আরও বেশি তেল, গ্যাস রপ্তানির প্রয়োজনে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র বিদ্যুৎশক্তি উৎপাদনের কাজে ব্যবহৃত হচ্ছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিয়ে সমমনা দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে। এ নিষেধাজ্ঞা শুধু ইরানি সরকার এবং রেভল্যুশনারি গার্ডদের ওপরই সীমাবদ্ধ রাখা হবে। সাধারণ ইরানি জনগণকে তা ক্ষতিগ্রস্ত করবে না বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৮০৬ ঘ.
bdnews24