২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেহরানে বোমা হামলায় পরমাণু বিজ্ঞানী নিহত

ইরানে একটি রিমোট-চালিত বোমা হামলায় মঙ্গলবার তেহরান বিশ্ববিদ্যালয়ের এক পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। ইরানের সরকারি প্রচারমাধ্যম এ হামলার জন্য মার্কিন ও ইসরায়েলি এজেন্টদের দায়ী করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2010, 12:03 PM

Updated : 24 Aug 2022, 06:08 PM

তেহরান, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানে একটি রিমোট-চালিত বোমা হামলায় মঙ্গলবার তেহরান বিশ্ববিদ্যালয়ের এক পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। ইরানের সরকারি প্রচারমাধ্যম এ হামলার জন্য মার্কিন ও ইসরায়েলি এজেন্টদের দায়ী করেছে। ইরানের রাজধানীতে এ ধরনের হামলা বিরল। সরকারি প্রচারমাধ্যম আইআরআইবি তাদের ওয়েবসাইটে জানায়, রিমোট-কন্ট্রোলের সাহায়্যে বোমা বিস্ফোরণ ঘটিয়ে অধ্যাপক মাসুদ আলী-মোহাম্মদীকে হত্যা করা হয়েছে। "ইহুদি এবং মার্কিন এজেন্টদের পাতা এ বোমায় দুটি গাড়ি এবং একটি মটরসাইকেল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আশপাশের আবাসিক এলাকার জানালার কাঁচও ভেঙে গেছে।" বোমা হামলায় অধ্যাপক মাসুদ নিহতের ঘটনাটি এমন সময়ে ঘটল যখন ইরানে সরকার বিরোধী আন্দোলন তুঙ্গে। গত জুনের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ এনে নির্বাচনী ফল প্রত্যাখ্যান করে আন্দোলন শুরু করে বিরোধীরা। সে আন্দেলনের রেশ এখনও কাটেনি। এর সঙ্গে যোগ হয়েছে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে বিশ্বশক্তিগুলোর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা। পশ্চিমা দেশগুলোর ধারণা, ইরান বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে আণবিক বোমা তৈরির চেষ্টা করছে। তবে ইরান তা নাকচ করে দিয়ে বলেছে, শুধু বিদ্যুৎ উৎপাদনই এ কর্মসূচির লক্ষ্য। আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি তেহরানের প্রধান সরকারি আইনজীবীর উদ্ধৃতি দিয়ে বলেছে," মাসুদ আলী- মোহাম্মদী ছিলেন পরমাণু বিজ্ঞানী এবং এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।" এ ঘটনার আগে ইরানের আণবিক শক্তি সংস্থার পরমাণু গবেষক শাহরাম আমিরী গত জুনে মক্কায় হজ করার সময় উধাও হয়ে যান। ইরান 'কওম' এ তাদের নতুন ইউরেনিয়ামসমৃদ্ধকরণ প্ল্যান্টের কথা প্রকাশ করার তিনমাস আগে আমিরী উধাও হন। ডিসেম্বরে ইরান আমিরীকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার জন্য সৌদি আরবের বিরুদ্ধে অভিযোগ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭৫৮ ঘ.