নয়াদিল্লি, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- নয়াদিল্লি অচল হয়ে পড়া শান্তিচুক্তি এগিয়ে নিতে না পারলে আবারও জঙ্গি তৎপরতা এবং সহিংস বিক্ষোভে উত্তাল হয়ে উঠতে পারে ভারত শাসিত কাশ্মীর। কাশ্মীরের অন্যতম প্রভাবশালী বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিক মঙ্গলবার একথা বলেছেন।
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান কূটনৈতিক অনিশ্চয়তার মধ্যে গত সপ্তাহে কাশ্মীরে আকস্মিক জঙ্গি হামলার এই সময়ে মালিক এ মন্তব্য করলেন।
কাশ্মীর নিয়ে ভারতের কংগ্রেস পার্টি নেতৃত্বাধীন সরকার এবং বিচ্ছিন্নতাবাদী দলগুলোর মধ্যকার আলোচনা ভেস্তে গেছে ২০০৬ সালে।
১৯৮৯ সাল থেকে কাশ্মীরে শুরু হওয়া জঙ্গি তৎপরতায় এ পর্যন্ত কম করে হলেও নিহত হয়েছে ৪৭ হাজার মানুষ। তবে গত কয়েক বছরে এ অঞ্চলটি ধীরে ধীরে সহিংসতামুক্ত হয়েছে।
২০০৮ ও ২০০৯ সালে কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের বিশাল বিক্ষোভ হলেও এর বেশির ভাগই ছিল শান্তিপূর্ণ। এতে করে নয়াদিল্লি শান্তিপ্রক্রিয়া পুনরায় শুরুর চেষ্টা নিতে পারে বলেও আশা জেগেছিল।
কিন্তু পারস্পরিক সন্দেহ এবং মুম্বাই হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে ভারতের শান্তি আলোচনা বন্ধ করে দেওয়ার কারণে দুপক্ষে আর তেমন অগ্রগতি হয়নি।
নয়াদিল্লিতে এক সম্মেলনে রয়টার্সকে 'জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্ট' এর প্রধান ইয়াসিন মালিক বলেন, "সংলাপ পক্রিয়ার বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনাটা এ মুহূর্তে সময়ের দাবি।"
তিনি বলেন, "বহু বছরের কঠিন তপস্যার পর আমরা সহিংস আন্দোলনকে অহিংস আন্দোলনে বদলে দিয়েছি। এই রূপান্তরকে শ্রদ্ধার চোখে দেখা প্রয়োজন........ কাশ্মীরিদের শ্রদ্ধা দেখানো না হলে তারা আবারও অতীত সহিংসতার পথে ফিরে যেতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬২২ ঘ.
bdnews24