কাবিন্দা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফ্রিকান নেশন্স কাপে অংশ নিতে যাওয়া টোগো জাতীয় ফুটবল দলের ওপর হামলায় জড়িত থাকার সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এঙ্গোলা।
সোমবার প্রাদেশিক সরকারি আইনজীবী এন্টোনিও নিটো জানান, সন্দেহভাজন দুইজন 'ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব দ্য এনক্লেভ অব কাবিন্দা' (এফএলইসি) এর সদস্য।
এফএলইসি গত ৩০ বছর ধরে এঙ্গোলার তেলসমৃদ্ধ প্রদেশ কাবিন্দার স্বাধীনতার জন্য যুদ্ধ করে আসা দলেরই বাদবাকী অংশ।
গত শুক্রবার টোগোর জাতীয় দল রিপাবলিক অব কঙ্গো থেকে কাবিন্দায় ঢোকার পর হামলা চালানো হয়।
হামলার পর নিহত সহকারী কোচ এবং মিডিয়া কর্মকর্তার মৃতদেহসহ জাতীয় দলকে টোগোতে ফিরিয়ে নেওয়া হয়। শুরু হয় তাদের তিন দিনের জাতীয় শোক।
টোগোর ক্রীড়ামন্ত্রী এবং বিভিন্ন খেলোয়াড় জানান যে তারা আশা করেছিলেন, এমন একটি ঘটনার পর নেশন্স কাপের সূচি পাল্টে তাদের টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হবে।
কিন্তু নেশন্স কাপের আয়োজকরা সূচি পাল্টানো অসম্ভব বলে জানান। আয়োজক কমিটির সমন্বয়ক ইয়োবা আমোয়া সাংবাদিকদের বলেন,"তারা অযোগ্য প্রমাণিত হয়েছে।"
সোমবার কাবিন্দায় ঘানার বিপক্ষে প্রথম ম্যাচটি খেলার কথা ছিল টোগোর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৪৪১ঘ.
bdnews24