ভুবনেশ্বর, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- রাডার পদ্ধতি বিকল করতে সক্ষম একটি আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার একথা জানিয়েছে।
নতুন এই ক্ষেপণাস্ত্রের নাম রাখা হয়েছে 'অস্ত্র'। এই হালকা ক্ষেপণাস্ত্রটি যে কোনও জঙ্গিবিমানে স্থাপন করা যাবে। এর পাল্লা ২৫ কিলোমিটার (১৫ মাইল)। উড়িষ্যায় 'অস্ত্র' পরীক্ষা সংস্থা 'ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ' (আইটিআর) প্রধান এস পি দাস একথা জানিয়েছেন।
ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষার পর দাস বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, "এটি খুবই সফল ফ্লাইট ছিল। এর মধ্য দিয়ে ক্ষেপণাস্ত্রটির নিয়ন্ত্রণ ব্যবস্থা পরীক্ষা করা হয়েছে।"
গত বছর বেশ কয়েকবার ব্যর্থতার পর এবার ভারত এ পরীক্ষায় সফল হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৪৯ ঘ.
bdnews24