ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের প্রবীণ কমিউনিস্ট নেতা জ্যোতি বসুর অবস্থা সঙ্কটজনক হলেও রোববার তার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। ডাক্তাররা একথা জানিয়েছেন।
প্রাইভেট এএমআরআই হাসপাতালের নির্বাহী পরিচালক ডিএন আগরওয়াল সাংবাদিকদের বলেন, "তার অবস্থা গতকালের (শনিবার) চেয়ে সামান্য ভাল। তবে সঙ্কট এখনও কাটেনি এবং তাকে আংশিকভাবে কৃক্রিম শ্বাস-প্রশ্বাস দেওয়া হচ্ছে।"
বসুকে ওষুধ দিয়ে তার ব্লাড প্রেসার স্বাভাবিক রাখা হয়েছে। ওষুধে কিছুটা কাজ হচ্ছে। ইউরিনের অবস্থা কিছুটা ভাল হওয়ায় তার ডায়লিসিস করা হচ্ছে না। ফুসফুসের অবস্থারও কিছুটা উন্নতি হয়েছে। তবে তার সঙ্কট এখনও কাটেনি। রাইসটিউবে তাকে তরল খাবার খাওয়ানো হচ্ছে।
মেডিক্যাল বোর্ড সবসময়ই তার অবস্থার দিকে নজর রাখছে। সন্ধ্যায় আবারও মেডিকেল বোর্ড বসে একঘন্টা পর মেডিক্যার বুলেটিন দেবে।
নিউমোনিয়া আক্রান্ত ৯৫ বছর বয়সী এ নেতা ১ জানুয়ারি থেকে কলকাতায় এএমআরআই হাসপাতালে চিকিৎসাধীন। তার ফুসফুস পরীক্ষা করে উচ্চামাত্রার ওষুধ প্রতিরোধী ক্ষমতার ব্যাকটেরিয়া ধরা পড়েছে।
জ্যোতি বসুকে দেখতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং গত বৃহস্পতিবার হাসপাতালে যান। অসুস্থ সিপিএম নেতার পাশে দেড় ঘণ্টা ছিলেন তিনি।
টানা ২৩ বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলানোর পর অসুস্থতার কারণে ২০০০ সালে বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে দায়িত্ব ছেড়ে দেন জ্যোতি বসু। এরপর থেকে শারীরিক অবস্থা নিয়ে টানাপোড়েনের মধ্য দিয়েই তাকে চলতে হচ্ছে।
অসুস্থতা সত্ত্বেও প্রবীণ নেতা জ্যোতি বসুকে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) দলের পলিটবুরোতে সদস্য হিসেবে রেখেছে। গত বছর লোকসভা নির্বাচনের সময় অসুস্থ হয়ে পড়লে ভোট দিতে পারেননি তিনি।
১৯১৪ সালে জন্ম নেওয়া জ্যোতি বসুর পৈত্রিক নিবাস বাংলাদেশের নারায়ণগঞ্জে।
অবিভক্ত ভারতে কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে বাংলাদেশে শ্রমিক আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রেও ভূমিকা রাখেন তিনি। মুখ্যমন্ত্রী হয়ে বাংলাদেশেও বেশ কয়েকবার আসেন।
এক দশক আগে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ এসেছিলো জ্যোতি বসুর সামনে। কিন্তু দলীয় সিদ্ধান্তের কারণে তা হয়নি।
সিপিএম এক সময় কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চায় (ইউপিএ) থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে মতবিরোধে দুই বছর আগে তারা ওই মোর্চা ছাড়ে।
বিডিনিউজ টোয়োন্টফোর ডটকম/এলকিউ/১৬২৫ ঘ.
bdnews24