২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন ওবামা

বড়দিনে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটগামী বিমানে সন্ত্রাসী হামলার হুমকি রোধে ব্যর্থতার দায় শেষ পর্যন্ত নিজের কাঁধে নিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। দেশের নিরাপত্তা ব্যবস্থা ব্যর্থ হলে সে দায় তার ওপরই চলে আসে বলে তিনি বৃহস্পতিবার মন্তব্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2010, 07:37 AM

Updated : 24 Aug 2022, 06:05 PM

ওয়াশিংটন, জানুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- বড়দিনে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটগামী বিমানে সন্ত্রাসী হামলার হুমকি রোধে ব্যর্থতার দায় শেষ পর্যন্ত নিজের কাঁধে নিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। দেশের নিরাপত্তা ব্যবস্থা ব্যর্থ হলে সে দায় তার ওপরই চলে আসে বলে তিনি বৃহস্পতিবার মন্তব্য করেন। ভবিষ্যতে এ ধরনের কোনও হামলার হুমকি মোকাবেলায় প্রয়োজনীয় সংস্কারের নির্দেশও দেন তিনি। বিশেষ করে হুমকি মোকাবেলার পদ্ধতিগুলো বদলে ফেলার নির্দেশ দিয়েছেন ওবামা। তিনি বলেন, সন্ত্রাসী হুমকির কোনও ঘটনা ঘটলে যথেষ্ট দায়-দায়িত্ব নিয়েই গোয়েন্দা সংস্থাগুলোকে কাজ করতে হবে। ওবামা বলেন, "দোষ অন্যের ঘাড়ে দেওয়ার চাইতে আমি এ সমস্ত ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া এবং ভবিষ্যতে নিজেদেরকে নিরাপদ রাখতে ভুল শুধরে নিতেই আগ্রহী। কারণ, জাতি ও জনগণকে রক্ষা করা প্রেসিডেন্ট হিসাবে আমার নৈতিক দায়িত্ব। ব্যবস্থাগুলো ব্যর্থ হলে সেটি আমার দায়-দায়িত্বের মধ্যেই পড়ে।" হোয়াইট হাউজের এক বিবৃতিতে ওবামা বলেন, আমি বিভিন্ন সংস্থাকে আরও ভালোভাবে কাজ করার নির্দেশ দিচ্ছি। সব খবর এবং তথ্য যাতে সঠিক এবং পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হয়। হুমকিগুলো যাতে সঠিকভাবে তদন্ত করা হয় এবং বিপজ্জনক ব্যক্তিদেরকে যেন বিমানে উঠতে দেওয়া না হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩১৯ ঘ.