জাতিসংঘ, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সময় স্বল্পতার কথা জানিয়ে শ্রীলংকার প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণের অনুরোধ নাকচ করেছে জাতিসংঘ। বুধবার জাতিসংঘের এক মুখপাত্র একথা জানিয়েছেন।
২৬ জানুয়ারি শ্রীলংকায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে ছাড়াও আরও ২১ জন প্রার্থী রয়েছেন। তামিল টাইগার বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর লড়াইয়ের মধ্য দিয়ে শ্রীলংকায় ২৫ বছরের গৃহযুদ্ধ অবসানের পর এটাই দেশের প্রথম নির্বাচন।
জাতিসংঘ মুখপাত্র মার্টিন নেসিরর্কি জানান, শ্রীলংকার নির্বাচন কমিশনার এবং সরকার নির্বাচন পর্যবেক্ষণের জন্য জাতিসংঘকে পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ জানিয়েছিল।
তিনি বলেন, "নির্বাচনের আর বেশি সময় বাকী নেই। তাছাড়া নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর জন্য সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের অনুমোদনও প্রয়োজন হয়। তাই জাতিসংঘ পর্যবেক্ষক পাঠাতে পারবে না বলে শ্রীলংকা সরকার ও নির্বাচন কমিশনারকে জানিয়ে দেওয়া হয়েছে।"
নেসিরর্কি জানান, প্রযুক্তিগত এবং নির্বাচন সংশ্লিষ্ট আরও অনেক কাজে সহায়তা করলেও গত ১০ বছরে জাতিসংঘ কোনো দেশে নির্বাচন পর্যবেক্ষক পাঠায়নি।
শ্রীলংকার সেনাবাহিনী তামিল গেরিলাদের পরাজিত করার কিছুদিন পরই কলোম্বো সফর করেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। সমালোচকরা তার এ সফরকে শ্রীলংকা সরকারের সামরিক বিজয়কে বৈধতা দান বলে উল্লেখ করে থাকেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩৩৩ ঘ.
bdnews24