জাকার্তা, জানুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- প্রতিশ্র"ত নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি হারে গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমাতে লাখ লাখ হেক্টর জমিতে বনায়ন পরিকল্পনা করেছে ইন্দোনেশিয়া। এতে করে ২০২০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন এক চতুর্থাংশেরও বেশি কমবে বলে আশা করা হচ্ছে। ইন্দোনেশিয়ার বনমন্ত্রী বুধবার একথা বলেছেন।
২০০৭ সালে ওয়ার্ল্ড ব্যাংকের হিসাব অনুযায়ী, বিশ্বে চীন এবং যুক্তরাষ্ট্রের পর তৃতীয় বৃহত্তম গ্রিনহাউজ গ্যাস নির্গমনকারী দেশ হিসাবে তালিকাভুক্ত হয়েছে ইন্দোনেশিয়া। দ্রুতহারে বন উজাড় হয়ে যাওয়ার কারণেই মূলত দেশটিতে গ্রিনহাউস গ্যাস নির্গমনের মাত্রা বেশি।
পর্যাপ্ত আন্তর্জাতিক সাহায্য পেলে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সু সিলো বামবাং ইয়োধইয়োনো ২০২০ সালের মধ্যে গ্রিনহাউজ গ্যাস নির্গমন ব্যবসাক্ষেত্রে বর্তমান মাত্রা থেকে ২৬ শতাংশ কিংবা ৪১ শতাংশ কমিয়ে আনার প্রতিশ্র"তি দিয়েছেন।
বনমন্ত্রী জুলফিকার হাসান বলেছেন, ২০২০ সালের মধ্যে বাড়তি ২১ দশমিক ১৫ মিলিয়ন হেক্টর এলাকায় বনায়ন পরিকল্পনা বাস্তবায়িত হলে ইন্দোনেশিয়া কম কার্বন নির্গমনকারী দেশে পরিণত হবে।
তিনি সাংবাদিকদের বলেন, বনায়ন পরিকল্পনার কাজ এগিয়ে যেতে থাকলে আমরা ২৬ শতাংশেরও বেশি কার্বন নির্গমন কমাতে পারব।
কিন্তু বিশ্বে ইন্দোনেশিয়অতেই সবচেয়ে দ্রুত বন উজাড় হতে থাকায় বনায়নের এ পরিকল্পনা বাস্তবায়ন দুরূহ ব্যাপার। হাসান জানান, ইন্দোনেশিয়ায় ১৩০ মিলিয়ন হেক্টর বনভূমি থাকলেও এর মাত্র ৪৮ মিলিয়ন হেক্টর ভালো অবস্থায় আছে।
নতুন বনায়ন কর্মসূচি বাস্তবায়নে বছরে ২ দশমিক ৫ ট্রিলিয়ন রুপীয়া (২৬৯ মিলিয়ন ডলার) ব্যয় হবে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯১৭ ঘ.
bdnews24