মুজাফফরবাদ, পাকিস্তান, জানুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি মঙ্গলবার বলেছেন, এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যকার বিরোধ নিস্পত্তি হওয়া অপরিহার্য।
পাকিস্তানি প্রেসিডেন্ট জানান, কাশ্মীর নিয়ে কয়েক দশকব্যাপী চলা বিরোধ নিষ্পত্তির সঙ্গে এ অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার বিষয়টি অতোপ্রতোভাবে জড়িত। হিমালয়ের পাদদেশে অবস্থিত এ অঞ্চলটিকে ভারত ও পাকিস্তান নিজেদের বলে দাবি করে আসছে। তবে দু'পক্ষেই কাশ্মীরের আংশিক নিয়ন্ত্রণ রয়েছে। পাকিস্তান নিয়ন্ত্রিত অংশটি আজাদ কাশ্মীর নামে পরিচিত।
আজাদ কাশ্মীরের আইনপ্রণেতাদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে জারদারি বলেন, "বিশ্বের মনোযোগে পাকিস্তানের দিকে থাকায় পাকিস্তানের সঙ্গে বিশ্বকেও কাশ্মীরের সমস্যা নিয়ে কথা বলতে হবে। কেননা এরপরই কেবল এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।"
তিনি আরও বলেন, "এ অঞ্চলের শান্তির সঙ্গে কাশ্মীরকে আলাদা করা যাবে না...এ ধারণা আমরা বিশ্বের সামনে তুলে ধরেছি এবং এ নিয়ে আমরা কাজ করে যাব।"
জারদারি আরও বলেন, ভারত ও পাকিস্তানকে শান্তিতে থাকা শিখতে হবে।
তিনি বলেন, "আমরা জানি যে আমরা প্রতিবেশীদেরকে বদলাতে পারবো না। কিন্তু তারাও যে তাদের প্রতিবেশীদের বদলাতে পারবে না সেটি তাদেরও জানা দরকার।"
ভারত সব সময়ই কাশ্মীর ইস্যুতে বহির্বিশ্বের হস্তক্ষেপ নাকচ করে আসছে। তাদের অভিযোগ, পাকিস্তান জঙ্গিদের অস্ত্র দিয়ে সহায়তা করে এবং তাদের ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে যুদ্ধ করতে পাঠায়।
তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা স্বাধীনতাকামী মানুষদের রাজনৈতিক ও কূটনৈতিকভাবে সহায়তা দিচ্ছে।
২০০৮ সালের নভেম্বরে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনা বন্ধ করে দেয় ভারত।
হামলাকারী জঙ্গিদের অবকাঠামো ভেঙে দিতে পাকিস্তানকে চাপ দেওয়ার জন্য ভারত যুক্তরাষ্ট্রের সহাযোগিতা কামনা করেছে ।
সীমান্ত অঞ্চল থেকে আফগানিস্তানে তালেবান নির্মূলের জন্য পাকিস্তান লড়াই করুক বলে যুক্তরাষ্ট্রও প্রত্যাশা করে।
এছাড়াও যুক্তরাষ্ট্রের প্রত্যাশা, দক্ষিণ এশিয়ার প্রতিবেশী এ দুটি দেশ নিজেদের মধ্যে দ্বন্দ্ব দূর করে পুনরায় শান্তি আলোচনা শুরু করুক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১২১৪ ঘ.
bdnews24