ক্যানবেরা, জানুয়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতীয় ছাত্রদের ওপর হামলার ঘটনায় বর্ণবাদী অভিপ্রায়ের কোনও আলামত নেই। অস্ট্রেলিয়ার সরকার মঙ্গলবার একথা বলেছে।
ভারতের পাঞ্জাব প্রদেশের ছেলে নিতিন গার্গ (২১) শনিবার রাতে মেলবোর্নে কর্মস্থল থেকে ফেরার পথে ছুরিকাঘাতে নিহত হয়েছে। এর আগেও অস্ট্রেলিয়ায় ভারতীয় ছাত্রদের ওপর এ ধরনের হামলা হয়েছে।
শনিবারের ওই ঘটনার জেরে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে কূটনৈতিক দ্বন্দ্ব দেখা দিয়েছে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী সিমোন ক্রিন মঙ্গলবার অস্ট্রেলীয় বেতারে বলেন, "তদন্তের পরই বলা যাবে কি ব্যবস্থা নিতে হবে। তবে যতটুকু তদন্ত হয়েছে তার ভিত্তিতে বলা যায়, এ হত্যাকাণ্ডের সঙ্গে বর্ণবাদের সম্পর্ক থাকার কোনও আলামত নেই। এর কোনও ভিত্তিও নেই।"
ক্রিন আরও জানান, ভারতীয় ও অস্ট্রেলীয় কূটনীতিকরা এ হত্যাকান্ড নিয়ে আলোচনা করেছেন।
ভারতীয় গণমাধ্যম অস্ট্রেলিয়ায় ভারতীয় ছাত্রদের ওপর এ সিরিজ হামলাকে বর্ণবাদ আখ্যা দিচ্ছে। কিন্তু অস্ট্রেলিয়া সরকার ও পুলিশ এ হামলাকে নিছকই অপরাধমূলক কর্মকাণ্ড বলে অভিহিত করছে।
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণ রোববার এ নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন। এতে তিনি এ ধরনের হামলায় ক্ষোভের সঞ্চার হচ্ছে এবং এর ফলে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন।
২০০৯ সালে মেলবোর্নে ভারতীয় ছাত্রদের ওপর হামলার কারণে ছাত্র বিক্ষোভ হয়েছে। ভারত-অস্ট্রেলিয়া দ্বিপক্ষীয় সম্পর্কে উদ্বেগেরও জন্ম দিয়েছে এবং এ উদ্বেগের কারণে হিলার্ড এবং আরও কয়েকজন অস্ট্রেলীয় মন্ত্রী এ ধরনের হামলা বন্ধ হওয়ার নিশ্চয়তা দিতে ভারত সফরও করেছেন।
এছাড়াও অস্ট্রেলীয় বিশ্ববিদ্যালয়গুলোও নিরাপত্তার বিষয়ে শিক্ষার্থী ও তাদের পরিবারকে নিশ্চয়তা দিয়ে আসছে।
অস্ট্রেলিয়ার রপ্তানি আয়ের তৃতীয় প্রধান খাত হচ্ছে বিদেশি ছাত্র। ২০০৭-০৮ সালে এ খাত থেকে অস্ট্রেলিয়া সাত বিলিয়ন পাউন্ড আয় করেছে।
ভারতীয় ছাত্রদের ওপর হামলার পর ২০১০ সালে ২০ শতাংশ ভারতীয় ছাত্র কমে যাবে বলে আগে ভাগেই ধারণা করা হচ্ছে। এর ফলে অস্ট্রেলিয়ার রপ্তানি খাতে ৭৮ মিলিয়ন ডলার কম আয় হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫২৮ ঘ.
bdnews24