২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় ভারতীয় ছাত্র হত্যায় নিন্দা

অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক ভারতীয় ছাত্রকে হত্যার নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার। একইসঙ্গে ভারতীয় ছাত্রদের ওপর এ ধরনের হামলা বন্ধেরও আহ্বান জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2010, 07:04 AM

Updated : 24 Aug 2022, 06:02 PM

সিডনি, জানুয়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক ভারতীয় ছাত্রকে হত্যার নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার। একইসঙ্গে ভারতীয় ছাত্রদের ওপর এ ধরনের হামলা বন্ধেরও আহ্বান জানানো হয়েছে। ভারতের পাঞ্জাব প্রদেশের ছেলে নিতিন গার্গ (২১) শনিবার রাতে মেলবোর্নে কর্মস্থল থেকে ফেরার পথে ছুরিকাঘাতে নিহত হয়েছে। এর আগেও ভারতীয় ছাত্রদের ওপরে হামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, আক্রোশ থেকেই নিতিনকে হত্যা করা হয়েছে। তবে ভারতীয় গণমাধ্যম অস্ট্রেলিয়ায় ভারতীয় ছাত্রদের ওপর এ সিরিজ হামলাকে বর্ণবাদ আখ্যা দিচ্ছে। অস্ট্রেলিয়া সরকার ও পুলিশ এ হামলাকে নিছকই অপরাধমূলক কর্মকাণ্ড অভিহিত করছে। অস্ট্রেলীয় উপ-প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড বলেন, "আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।" গিলার্ড সোমবার সাংবাদিকদের জানান, "আমরা বিদেশি শিক্ষার্থীদের স্বাগত জানাই। আমরা তাদের ভালভাবে গ্রহণ করতে চাই। আমরা সুহৃদ এবং আন্তরিক দেশ।" ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণ রোববার এ নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন। এতে তিনি এ ধরনের হামলা ক্ষোভের সঞ্চার হচ্ছে এবং এর ফলে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন। ২০০৯ সালে মেলবোর্নে ভারতীয় ছাত্রদের ওপর হামলার কারণে ছাত্র বিক্ষোভ হয়েছে। ভারত-অস্ট্রেলিয়া দ্বিপক্ষীয় সম্পর্কে উদ্বেগেরও জন্ম দিয়েছে এবং এ উদ্বেগের কারণে হিলার্ড এবং আরও কয়েকজন অস্ট্রেলীয় মন্ত্রী এ ধরনের হামলা বন্ধ হওয়ার নিশ্চয়তা দিতে ভারত সফরও করেছেন। এছাড়াও অস্ট্রেলীয় বিশ্ববিদ্যালয়গুলোও নিরাপত্তার বিষয়ে শিক্ষার্থী ও তাদের পরিবারকে নিশ্চয়তা দিয়ে আসছে। অস্ট্রেলিয়ার রপ্তানি আয়ের তৃতীয় প্রধান খাত হচ্ছে বিদেশি ছাত্র। ২০০৭-০৮ সালে এ খাত থেকে অস্ট্রেলিয়া সাত বিলিয়ন পাউন্ড আয় করেছে। ভারতীয় ছাত্রদের ওপর হামলার পর ২০১০ সালে ২০ শতাংশ ভারতীয় ছাত্র কমে যাবে বলে আগে ভাগেই ধারণা করা হচ্ছে। এর ফলে অস্ট্রেলিয়ার রপ্তানি খাতে ৭৮ মিলিয়ন ডলার কম আয় হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৩০১ ঘ.