ইসলামাবাদ, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভলিবল মাঠে আত্মঘাতী হামলার ঘটনার পর দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার ব্যাপারে নতুন করে ঘরে-বাইরে চাপের মুখে পড়েছে পাকিস্তান সরকার।
গত দু বছরের মধ্যে এটাই ছিল সবচেয়ে ভয়াবহ রক্তক্ষয়ী হামলা। এতে কমপক্ষে ৮৯ জন প্রাণ হারায়।
শুক্রবারের ওই হামলার পর এটাই প্রতীয়মান হচ্ছে যে, আল-কায়দার সঙ্গে সংশ্লিষ্ট তালেবান জঙ্গিরা হামলার লক্ষ্যবস্তু হিসাবে নিরাপত্তা বাহিনীর চেয়ে জনসমাবেশকে বেছে নিচ্ছে। যাতে করে ক্ষয় ক্ষতি আরও বেশি হয় এবং আতঙ্ক ছড়িয়ে দেওয়া যায়।
এমনিতেই বিভিন্ন ইস্যুতে দেশে বিদেশে চাপের মুখে আছেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। এছাড়াও পাকিস্তানের নিরাপত্তা নীতি নির্ধারক ক্ষমতাধর সামরিক বাহিনীর সঙ্গেও চলছে তার টানাপোড়েন। নতুন করে চালু দুর্নীতির অভিযোগের মুখোমুখি হতে পারেন তার সহযোগীরা।
রাজনৈতিক বিশ্লেষক হাসান আসকারি বলেন,"জঙ্গি সহিংসতা জারদারির উপর চাপ বাড়াচ্ছে এবং বিরোধী পক্ষকে সুযোগ তৈরি করে দিচ্ছে তার সরকারকে বিপাকে ফেলার।"
"আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে সরকারকে দীর্ঘমেয়াদে পরিকল্পনা করতে হবে। যা অতীতে বারবারই অবহেলিত ছিল। কারণ কখনই ভাবা হয়নি পরিস্থিতি এতটা খারাপ হবে।"
এ ধরনের সহিংস পরিস্থিতিতে পাকিস্তানের জনগণও অসহিষ্ণু হয়ে পড়েছে। দেশটির সবচেয়ে বড় এবং বাণিজ্যিক রাজধানী করাচি শুক্রবার এক ধর্মঘটে অচল হয়ে পড়ে।
সোমবার এক আত্মঘাতী বোমা হামলায় ৪৩ ব্যক্তি প্রাণ হারালে এ ধর্মঘটের ডাক দেন ধর্মীয় ও রাজনৈতিক নেতারা। তালেবান জঙ্গিরা এ হামলার দায় স্বীকার করে এ ধরনের হামলা ভবিষ্যতে আরও চালানোর হুমকি দিয়েছে।
মূলত দক্ষিণ ওয়াজিরিস্তানে জঙ্গি দমনে সামরিক বাহিনীর বড় ধরনের অভিযান চালানোর পর থেকেই বেড়ে যায় আত্মঘাতী হামলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এইচএ/১৮২২ ঘ.
bdnews24