২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনকে আল কায়েদা মুক্ত করতে যুক্তরাষ্ট্র-ব্রিটেনের চেষ্টা

আল কায়েদা জঙ্গিদের ঘাঁটিতে রূপান্তরিত হওয়া থেকে ইয়েমেনকে ঠেকাতে দেশটিতে নিরাপত্তা সহায়তা দ্বিগুণেরও বেশি বাড়াবে যুক্তরাষ্ট্র। অন্যদিক এ বিষয়ে এ মাসেই একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে ব্রিটেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2010, 07:13 AM

Updated : 24 Aug 2022, 06:01 PM

লন্ডন, জানুয়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আল কায়েদা জঙ্গিদের ঘাঁটিতে রূপান্তরিত হওয়া থেকে ইয়েমেনকে ঠেকাতে দেশটিতে নিরাপত্তা সহায়তা দ্বিগুণেরও বেশি বাড়াবে যুক্তরাষ্ট্র। অন্যদিক এ বিষয়ে এ মাসেই একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে ব্রিটেন। গত ২৫ ডিসেম্বর মার্কিন একটি যাত্রীবাহী বিমানে হামলা চেষ্টাকারী নাইজেরীয় ব্যক্তি ইয়েমেন প্রশিক্ষণ নিয়েছে বলে দাবি করার পর আরব এ দেশটি পশ্চিমা বিশ্বের জন্য আরও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আল কায়েদার ইয়েমেনি শাখা ওই হামলা চেষ্টার দায় স্বীকার করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন শুক্রবার জানান, সন্ত্রাসীদের স্বর্গরাজ্যে পরিণত হয়ে ইয়েমেন আঞ্চলিক ও বৈশ্বিক হুমকি হিসেবে আবির্ভুত হচ্ছে। ব্রাউনের কার্যালয় থেকে জানানো হয়েছে, ২৮ জানুয়ারি লন্ডনে ইয়েমেনের আল কায়দা বিষয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করবে ব্রিটেন। আফগানিস্তান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের ওই একইদিন ইয়েমেন বিষয়ক সম্মেলনও অনুষ্ঠিত হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী এক বিবৃতিতে বলেন, "চরমপন্থিদের মোকাবেলায় ইয়েমেনকে সমর্থন জানাতে বিশ্ব অরাজি হবে না।" ওদিকে ইয়েমেনকে আরও সহায়তা করার বিষয়ে বাগদাদে মার্কিন কেন্দ্রীয় কমান্ডের প্রধান জেনারেল ডেভিড পেত্রাউস ঘোষণা দিয়েছেন। এক সংবাদ সম্মেলনে পেত্রাউস বলেন, "গত বছর আমরা ইয়েমেনকে ৭০ মিলিয়ন ডলার নিরাপত্তা সাহায্য দিয়েছি। এ বছর তা দ্বিগুণেরও বেশি করা হবে। এছাড়া ইয়েমেনে আল কায়েদা নির্মূলে সামরিক ও গোয়েন্দা সহায়তা বাড়ানোর বিষয়েও কথা বলেছেন মার্কিন কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৩০৬ ঘ.