২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান পরমাণু প্ল্যান্ট গোপন করে আইনভঙ্গ করেছে: বারাদি

ইরান নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্ট তৈরির কথা আগাম প্রকাশ না করে জাতিসংঘ পরমাণু সংস্থার স্বচ্ছতা আইন ভঙ্গ করেছে। জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা আইএইএ পরিচালক এল বারাদি এক টেলিভিশন সাক্ষাৎকারে একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2009, 01:58 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

ভিয়েনা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরান নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্ট তৈরির কথা আগাম প্রকাশ না করে জাতিসংঘ পরমাণু সংস্থার স্বচ্ছতা আইন ভঙ্গ করেছে। জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা আইএইএ পরিচালক এল বারাদি এক টেলিভিশন সাক্ষাৎকারে একথা বলেছেন। ইরান ২১ সেপ্টেম্বরে আইএইএ কে নতুন পরমাণু প্ল্যান্টের কথা জানায়। পশ্চিমারা বলছে, আইএইএ সাড়েতিনবছর আগে শুরু হওয়া এই প্ল্যান্টের নির্মাণকাজের কথা প্রায় জেনে ফেলছে--- এটি আঁচ করার পর ইরান এটির কথা জানাতে বাধ্য হয়েছে। পশ্চিমা কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, শিয়া নগরী কওম এর কাছে ইরানের রেভল্যুশনারী গার্ডের সাবেক একটি ঘাঁটির পার্বত্য এলাকায় গোপনে প্ল্যান্টটি তৈরি করা হচ্ছিল। এতে করে ইরানের পরমাণু অস্ত্র তৈরির গোপন কর্মসূচি নিয়ে সন্দেহ আরও দানা বেঁধেছে বলে জানিয়েছে তারা। ইরান বলেছে, তাদের এই প্ল্যান্টে বেসামরিক জ্বালানির উদ্দেশ্যে কম মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা হবে। যেমনটি করা হচ্ছে আরেকটু বড় নাতাঞ্জ পরমাণু স্থাপনায়। এই স্থাপনাটি আইএইএ'র তদারকাধীনে রয়েছে। নতুন পরমাণু স্থাপনার কথা এখনও জানানোর কোনও আইনি বাধ্যবাধকতা নেই বলে দাবি করেছে ইরান। কিন্তু এল বারাদি ভিন্নমত পোষণ করে বলেছেন, "ওই স্থাপনার কাজ যেদিন শুরু হয়েছে সেদিনই ইরানের তা আমাদেরকে জানানো উচিত ছিল। কিন্তু তারা তা করেনি।" নয়াদিল্লি সফরকালে সিএনএন-ভারত এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। বারাদি বলেন, (ইরান) হামলার শিকার হলে তাদের রক্ষাকবচ হিসাবে গড়ে এই পরমাণু প্ল্যান্ট গড়ার কথাই বোঝাতে চাইছে তেহরান। আর সেকারণেই তারা আগে এ প্ল্যান্টের কথা জানায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৫৬ ঘ.