পাদাং, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইন্দোনেশিয়ার সুমাত্রায় বুধবার ৭ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। পাদাং শহরে এ ভূমিকম্পে ধসে পড়েছে বহু বাড়িঘর ও সেতু। এক প্রত্যক্ষদর্শী একথা জানিয়েছেন। এ ভূমিকম্প ভারত মহাসাগরে ধ্বংসাত্মক সুনামি ডেকে আনতে পারে বলে আশঙ্কা করছে জাপানের আবহাওয়া সংস্থা।
গোটা অঞ্চলসহ প্রতিবেশী সিঙ্গাপুরেও বহুতল ভবনগুলোতে ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমকম্পের পরপরই আঞ্চলিক সুনামি সতর্কতা জারি করা হয়। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র এবং জাপানের আবহাওয়া সংস্থা একথা জানিয়েছে। ভূমিকম্পে হতাহতের ঘটনা সম্পর্কে স্পষ্ট কিছু জানা য়ানি।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামির পর ইন্দোনেশিয়ায় এ ভূমিকম্প হয়। এতে শত শত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়াও কোনও কোনও স্থানে আগুন ধরে গেছে। সেতু ভেঙে পড়েছে। ফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানির পাইপ ফেটে রাস্তা পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে বলে পাদাং শহর থেকে জানিয়েছেন রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী।
পাদাং ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশের রাজধানী। এর অধিবাসীর সংখ্যা ৯ লাখ। অবস্থানের কারণে এ শহরটি একদিন ভূমিকম্পে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে-- ভূতাত্বিকরা অনেকদিন থেকেই এমন কথা বলে আসছেন।
জাপানের আবহাওয়া সংস্থা বলেছে, সুমাত্রায় বুধবারের এ ভূমিকম্প ভারত মহাসাগরের বিভিন্ন অঞ্চলে ধ্বংসাত্মক সুনামি ডেকে আনতে পারে।
সংস্থাটি বলেছে, ভারত মহাসাগরে ধ্বংসাত্মক সুনামি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের তিন ঘন্টার মধ্যে ভারত, শ্রীলংকা এবং অস্ট্রেলিয়ার কোকো দ্বীপে এ সুনামি আঘাত হানতে পারে বলে জানিয়েছে তারা।
তবে ভারত জানিয়েছে, সুমাত্রায় ভূমিকম্পের পর তারা কোনও সুনামি সতর্কতা জারি করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯০৮ ঘ.
bdnews24