ওয়াশিংটন, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুক্তরাষ্ট্র অক্টোবরের শেষে ইরাক থেকে প্রায় ৪ হাজার সেনা প্রত্যাহার করবে। ইরাকে মার্কিন বাহিনীর কমান্ডার ইরাক যুদ্ধ সংক্রান্ত এক দলিলে বুধবার একথা বলেছেন।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের আর্মর্ড সার্ভিসেস কমিটিতে ওই দলিল জমা দেওয়ার কথা রয়েছে কমান্ডার জেনারেল রে ওডিয়েরনোর। এতে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ২০১০ সালের সেপ্টেম্বরে ইরাক থেকে সব সেনা প্রত্যাহারের পথেই রয়েছে।
মঙ্গলবার প্রকাশিত দলিলের আগাম কপিতে ওডিয়েরনো বলেছেন, ইরাকে বর্তমানে ১১ টি যোদ্ধা দলসহ আমাদের প্রায় ১২৪,০০০ সেনা রয়েছে। অক্টোবরের শেষ নাগাদ ইরাকে এ সেনা সংখ্যা ১২০,০০০ এ নেমে আসবে বলে আমি মনে করি।
ওডিয়েরনো বলেন, ইরাকে যুক্তরাষ্ট্রের ঠিকাদারদের সংখ্যা জানুয়ারিতে জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৪৯,০০০ থেকে ১১৫,০০০ এর কিছু বেশিতে নেমে এসেছে। আর প্রায় ১০০ মার্কিন ঘাঁটিও বন্ধ করে দেওয়া হয়েছে।
ইরাক থেকে সেনা প্রত্যাহারে প্রেসিডেন্ট বারাক ওবামার দেওয়া সময়সীমা অনুযায়ী, ইরাক মিশন ২০১০ সালের ৩১ আগস্টে শেষ হওয়ার কথা রয়েছে। তবে তারপরও ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ ও অন্যান্য সহায়তা দেওয়ার জন্য ৩০ হাজার থেকে ৫০ হাজার সেনার বাহিনী সেখানে থাকবে।
ওডিয়েরনো বলেন, ইরাকে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে কিছু কিছু ক্ষেত্রে সংঘর্ষের সম্ভাবনা এখনও সেখানে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩১ ঘ.
bdnews24