জাকার্তা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইন্দোনেশিয়ায় এ মাসে পুলিশি অভিযানে নিহত জঙ্গিরা দেশের প্রেসিডেন্টসহ আরও কয়েকটি টার্গেটে মাসে মাসে হামলা চালানোর পরিকল্পনা করেছিল। তাছাড়া আত্মঘাতী হামলা চালানোর প্রস্তুতি নিতে তারা জাকার্তার দুটো হোটেলের ছবিও তুলেছিল। পুলিশ মঙ্গলবার একথা বলেছে।
জাভা প্রদেশে এ মাসের শুরুতে একটি বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে মোস্ট ওয়ান্টেড শীর্ষ জঙ্গি নূরদিন মোহাম্মদ ও তার দিন সমর্থককে হত্যা করে পুলিশ।
ওই বাড়ি থেকে পুলিশ ল্যাপটপ কম্পিউটার এবং বিস্ফোরকও উদ্ধার করে। উদ্ধার করা কম্পিউটারেই জঙ্গি দলটির প্রতিমাসে হামলা পরিকল্পনার বিস্তারিত তথ্য পেয়েছে পুলিশ। যাতে রাষ্ট্রের প্রতীক প্রেসিডেন্টের ওপরও হামলার পরিকল্পনা ছিল।
পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিটের সদস্য টিটো কার্নাভিয়ান বলেছেন, জুলাইয়ে জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলে হামলার পর তারা নতুন করে আরও হামলার পরিকল্পনা করেছিল। তিনি বলেন, তারা ধারাবাহিক হামলা চালাত। প্রতিমাসে। সম্ভবত তারা নতুন করে হামলা শুরু করত।
ম্যারিয়ট হোটেলে হামলা হয়েছিল জুলাইয়ে। তার পরের মাসে অর্থাৎ, আগস্টে জঙ্গিরা পশ্চিম জাভার জতি আসিহ'র কাছে হামলা চালানোর পরিকল্পনা করেছিল বলে টিটো উল্লেখ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯২৫ ঘ.
bdnews24