জুরিখ/লস এঞ্জেলেস, সেপেন্টম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- সুইজারল্যান্ডে গ্রেপ্তার হওয়ার পর যুক্তরাষ্ট্রে বিচারের জন্য হস্তান্তর নিয়ে আইনি লড়াইয়ের মুখে পড়েছেন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা রোমান পোলানস্কি। লস এঞ্জেলেসে নতুন বিচারের মুখেও পড়তে পারেন তিনি। ফরাসি নাগরিক পোলানোস্কির গ্রেপ্তারের খবরে হতবাক হয়ে ইতোমধ্যেই তাকে সমর্থন দিয়েছে ফ্রান্স।
জুরিখে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তুলে নেওয়ার চেষ্টায় নামার ঘোষণা দিয়েছেন পোলানোস্কির আইনজীবী জর্জেস কিজম্যান। তিনি বলেন, সুইজারল্যন্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যকার হস্তান্তর আইন খুব বেশি স্পষ্ট নয়।
অপ্রাপ্তবয়স্ক একটি মেয়ের সঙ্গে যৌন সংসর্গের অভিযোগে ১৯৭৮ সালে যুক্তরাষ্ট্রের জারি করা গ্রেপ্তারি পরোয়ানায় শনিবার সন্ধ্যায় জুরিখ বিমানবন্দরে গ্রেপ্তার হন পোলানোস্কি।
পোলানস্কির বর্ণাঢ্য চলচ্চিত্র কর্মের জন্য রোববার সন্ধ্যায় তাকে পুরস্কারে ভূষিত করার কথা ছিল জুরিখ ফিল্ম ফেস্টিভাল কর্তৃপক্ষের। কিন্তু এরই মধ্যে তার গ্রেপ্তারের খবরে বিম্ময় প্রকাশ করেছেন ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী। তার কার্যালয় থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি তার মামলাটি গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং বিষয়টি সমাধান করা যাবে বলে আশা প্রকাশ করেছেন। যাতে পোলানোস্কি বাড়ি ফিরতে পারেন।
পোলানস্কি ১৯৭০ সালের শেষদিকে জ্যাক নিকলসনের হলিউডের বাড়িতে ফটোসেশনের সময় ১৩ বছরের এক মেয়েকে মাদকদ্রব্য এবং মদ পান করিয়ে তার সঙ্গে যৌনকর্মে লিপ্ত হওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন।
৪২ দিন কারাবাসের সময় পোলানস্কির মনস্তাত্ত্বিক পরীক্ষা চলছিল। কিন্তু শাস্তি হওয়ার আগেই তিনি যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে গিয়েছিলেন। তিনি আর কখনই লস এঞ্জেলেসের বাড়িতে ফিরে যাননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩০ ঘ.
bdnews24