জুরিখ, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা রোমান পোলানস্কিকে শনিবার সন্ধ্যায় সুইজারল্যান্ডে গ্রেপ্তার করা হয়েছে। জুরিখ ফিল্ম ফেস্টিভাল এক বিবৃতিতে একথা জানিয়েছে।
এতে বলা হয়, অপ্রাপ্তবয়স্ক একটি মেয়ের সঙ্গে যৌন সংসর্গের অভিযোগে ১৯৭৮ সালে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
পোলানস্কির বর্ণাঢ্য চলচ্চিত্র কর্মের জন্য রোববার সন্ধ্যায় তাকে পুরস্কারে ভূষিত করার কথা ছিল জুরিখ ফিল্ম ফেস্টিভাল কর্তৃপক্ষের।
বিবৃতিতে বলা হয়, "রোমান পোলানস্কি আমাদের সময়ের এক মহান চলচ্চিত্র পরিচালক। চলচ্চিত্র শিল্পে সারাজীবনের অবদানের স্বীকৃতিস্বরূপ জুরিখ ফিল্ম ফেস্টিভালে তার পুরস্কার গ্রহণের কথা ছিল।"
কিন্তু বিবৃতিতে এও বলা হয়, "জুরিখ বিমানবন্দরে প্রবেশকালে পুলিশ তাকে আটক করেছে। যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের দাবির মুখে তাকে গ্রেপ্তার করা হয়েছে।"
পোলানস্কি ১৯৭০ সালের শেষদিকে জ্যাক নিকলসনের হলিউডের বাড়িতে ফটোসেশনের সময় ১৩ বছরের এক মেয়েকে মাদকদ্রব্য এবং মদ পান করিয়ে তার সঙ্গে যৌনকর্মে লিপ্ত হওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন।
৪২ দিন কারাবাসের সময় পোলানস্কির মনস্তাত্ত্বিক পরীক্ষা চলছিল। কিন্তু শাস্তি হওয়ার আগেই তিনি পালিয়ে গিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/২০৪৭ ঘ
bdnews24