দুবাই সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তান থেকে ইউরোপীয় সেনা প্রত্যাহারের আহ্বান সংবলিত আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনের একটি অডিও টেপ শুক্রবার প্রচারিত হয়েছে। এতে বলা হয়েছে, মার্কিন নেতৃত্বাধীন একটি অযৌক্তিক লড়াইয়ে ইউরোপীয়রা অর্থ ও প্রাণ খোয়াচ্ছে।
লাদেনের এ নতুন অডিও টেপটি ইন্টারনেটে প্রকাশিত হয়েছে। এতে ইংরেজি ও জার্মান ভাষায় সাবটাইটেল এবং ব্যাকগ্রাউন্ডে লাদেনের ছবি রয়েছে।
লাদেন বলেন, "আমরা অযৌক্তিক কোনো দাবি জানাচ্ছি না। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার ও অন্যায় বন্ধের আহ্বান জানাচ্ছি।"
'এ মেসেজ টু দ্য পিপল অব ইউরোপ' শিরোনামের অডিও টেপে লাদেন আরও বলেন, "সবচেয়ে ভয়াবহ অন্যায়ের একটি হচ্ছে অহেতুক মানুষ হত্যা করা। আর ন্যাটোর ছত্রছায়ায় তোমাদের সরকার ও সেনারা আফগানিস্তানে ঠিক সে কাজটিই করছে।"
আল কায়েদার গণমাধ্যম শাখা আস-শাহাব এর প্রচার করা চার মিনিটের ওই অডিওতে আল কায়েদা প্রধান আরও বলেন, "ওয়াশিংটন গং এর জন্য একজন বুদ্ধিমান ব্যক্তি তার সন্তান ও অর্থ নষ্ট করবে না।"
আফগানিস্তান ও পাকিস্তানে মার্কিন হামলায় বেসামরিক লোক হতাহত হওয়ার বিষয়ে ইঙ্গিত করে আল কায়েদা নেতা বলেন, "যাদের নেতারা মানুষের রক্তপাতে দ্বিধা করে না, উদ্দেশ্যমূলকভাবে গ্রামগুলোতে বোমা ফেলে তাদের মিত্র হওয়া লজ্জ্বাজনক।"
তিনি বলেন, "তোমার যদি আফগানিস্তানের উত্তরাঞ্চলে তোমাদের মার্কিন মিত্রের গণহত্যা পর্যবেক্ষণ কর তবেই তোমারা মাদ্রিদ ও লন্ডনের রক্তাক্ত ঘটনার কথা বুঝতে পারবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১২৫৯ ঘ.
bdnews24