জাতিসংঘ, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সম্মেলনে বৃহস্পতিবার পরমাণু অস্ত্রমুক্ত বিশ্বের আহ্বান জানিয়ে সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাশ হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এতে সভাপতিত্ব করেন।
প্রস্তাবে পরমাণু অস্ত্রবিস্তার বন্ধ করারও আহ্বান জানানো হয়। তবে এতে ইরান বা উত্তর কোরিয়ার নাম উল্লেখ করা হয়নি। পশ্চিমের সন্দেহ এই দেশ দুটি পরমাণু বোমা বানাানোর চেষ্টা করছে।
অবশ্য ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি পরমাণুসংক্রান্ত স্পর্শকাতর কর্মকাণ্ড বন্ধের দাবি না মানলে ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।
নিউ ইয়র্কের ম্যানহাটনে জাতিসংঘের সদরদপ্তরে দু'ঘণ্টা ধরে চলা বৈঠকে সভাপতিত্ব করেন ওবামা। ১৯৪৬ সালে এ পরিষদ গঠিত হওয়ার পর একজন মার্কিন প্রেসিডেন্টের এটাই প্রথম সভাপতিত্ব। আর এই নিয়ে পঞ্চমবারের মতো পরিষদ রাষ্ট্র ও সরকার প্রধানদের নিয়ে বৈঠকে বসল।
ওবামা বলেন, "সব দেশ ও সব মানুষের নিরাপত্তার প্রতি মৌলিক হুমকি- পরমাণু অস্ত্রের বিস্তার ও ব্যবহার বন্ধে যাতে সর্বোচ্চ পর্যায়ে উদ্যোগ নেওয়া যায় তার জন্য আমি এই সম্মেলনের প্রতি আহ্বান রাখছি।"
তিনি বলেন, পরমাণু অস্ত্রের বিস্তার ও ব্যবহার বন্ধ করা গেল কিনা তা নির্ধারণে আগামী বছর খুবই গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্রের খসড়া করা এই প্রস্তাবে "পরমাণু মুক্ত একটি বিশ্ব গড়তে পরমাণু অস্ত্র মুক্ত করার চেষ্টা আরও জোরদার এবং যে সব দেশ এখনো ১৯৭০ সালের পরমাণু নিরস্ত্রিকরণ চুক্তিতে (এনপিটি) স্বাক্ষর করেনি, তাদের প্রতি তা করার আহ্বান জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭০৩ ঘ.
bdnews24