শিকাগো, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- অর্থনৈতিক মন্দার কারণে অনেক মার্কিন নারীই মা হওয়ার বিষয়ে দ্বিতীয়বার ভাবতে বাধ্য হচ্ছেন। বুধবার প্রকাশিত এক জরিপ থেকে এমন তথ্য বেরিয়ে এসেছে।
জরিপে অংশগ্রহণকারীদের প্রায় অর্ধেকই জানিয়েছেন, তারা বাচ্চা নেওয়ার ক্ষেত্রে দেরি করতে চান অথবা যে ক'টা বাচ্চা আছে তাতেই সীমিত থাকতে চান।
একইসঙ্গে অনেক নারীই জানিয়েছেন, পয়সা বাঁচানোর জন্য তারা জন্ম নিয়ন্ত্রণসামগ্রীর ক্ষেত্রে খরচ কমিয়েছেন এবং তুলনামূলক কম ব্যয়বহুল পদ্ধতির দিকে ঝুঁকছেন।
যৌন ও প্রজনন সম্পর্কিত গবেষণা প্রতিষ্ঠান অ্যালান গুটমাচের গবেষকরা এ জরিপটি চালিয়েছেন।
গুটমাচের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী ডা. শ্যারন ক্যাম্প এক বিবৃতিতে বলেন, "অর্থনৈতিক মন্দা মধ্যবিত্ত নারীসহ অনেক নারীকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে।"
"তারা আগের চেয়েও বেশি মাত্রায় অপরিকল্পিত গর্ভধারণ এড়াতে চাচ্ছে। এই সময়ে অনেকের জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী কেনার সামর্থ্যও কমে গেছে।"
জাতীয় পর্যায়ে নিু ও মধ্যবিত্ত প্রায় এক হাজার নারীর ওপর জরিপটি চালানো হয়েছে। জুলাই থেকে আগস্ট মাসব্যাপী চালানো জরিপে আরও দেখা গেছে, প্রতি চারজনে একজন নারী গত বছর পয়সা বাঁচানোর জন্য স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া বাদ দিয়েছে।
একইসঙ্গে প্রতি চারজনে একজন অতীতের তুলনায় জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী কেনার অর্থ যোগাতে হিমশিম খাচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৫৪৮ ঘ.
bdnews24