২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবাধ্য ইরানে নতুন নিষেধাজ্ঞা আরোপে একমত মস্কো: ওমাবা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, পরমাণু কর্মসূচি নিয়ে অচলাবস্থা নিরসনের প্রস্তাবে ইরান রাজি না হলে দেশটির ওপর জাতিসংঘের আরও নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে তিনি ও রাশিয়ার প্রেসিডেন্ট একমত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2009, 09:28 AM

Updated : 26 Aug 2022, 12:05 PM

জাতিসংঘ, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, পরমাণু কর্মসূচি নিয়ে অচলাবস্থা নিরসনের প্রস্তাবে ইরান রাজি না হলে দেশটির ওপর জাতিসংঘের আরও নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে তিনি ও রাশিয়ার প্রেসিডেন্ট একমত হয়েছেন। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য- যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা এবং একজন জার্মান কর্মকর্তা জাতিসংঘে বৈঠক শুরু করেছেন। পশ্চিমের সন্দেহ, এই কর্মসূচির আড়ালে ইরান পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে। ইরান দাবি করে আসছে, জ্বালানি শক্তি বাড়ানোর জন্যই তেহরানের পরমাণু কর্মসূচি পরিচালিত হচ্ছে। ওবামা রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সঙ্গে বৈঠকের পর বলেছেন, "অনেক আন্তর্জাতিক অঙ্গীকার লঙ্ঘন করছেইরান।" ইরানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে এতদিন ধরে অনাগ্রহী ছিল রাশিয়া। এখন মেদভেদেভ স্পষ্ট করে জানিয়েছেন, ইরান পরমাণু কর্মসূচির গতিপথ না বদলালে মস্কো দেশটির ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবে সমর্থন দিতে তৈরি আছে। "রাশিয়ার অবস্থান বেশ সরল" তিনি বলেন। "নিষেধাজ্ঞায় খুবই কম কাজ হয় তারপরও কখনো কখনো তা আরোপ করা অনিবার্য হয়ে পড়ে।" এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের চলতি অধিবেশনে বক্তৃতায় ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি বলেছেন, ইরান তার পরমাণু কর্মসূচির ব্যাপারে বিশ্ব কোনো ব্যবস্থা নেবে না মনে করে থাকলে তা "শোচনীয় ভুল" হবে। জাতিসংঘে বৈঠকে বসা বিশ্বের ছয়শক্তি ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার বিনিময়ে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বেশকিছু সহায়তার প্রস্তাব দিয়েছে। তবে তেহরান এ ব্যাপারে এখনো সরকারিভাবে জবাব দেয়নি। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা দিয়েছেন, তবে তিনি পরমাণু কর্মসূচি নিয়ে সরাসরি কোনো কথা বলেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৫১৯ ঘ.