দুবাই, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আল কায়েদা ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার হামলার বর্ষপূর্তিতে মঙ্গলবার দ্বিতীয় শীর্ষনেতা আইমান আল জাওয়াহিরির বক্তব্যসহ একটি ভিডিওচিত্র প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সন্ত্রাসবাদ মনিটরিং সার্ভিস এতথ্য জানিয়েছে।
এসআইটিই ইনস্টিটিউট জানিয়েছে, 'দ্য ওয়েস্ট ...অ্যান্ড দ্য ডার্ক টানেল' নামের ১০৬ মিনিটের ওই ভিডিওটি আরবি ভাষায়। এতে জাওয়াহিরিসহ আল কায়েদার শীর্ষ নেতারা উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছেন।
আল কায়েদার সমর্থকদের ব্যবহৃত একটি ওয়েবসাইটে ভিডিওটি প্রচার করা হয়েছে। এতে গত বছরের অর্থনৈতিক সংকটসহ বারাক ওবামার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার মতো বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছে।
এর আগে ১৪ সেপ্টেম্বর ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়ে হুঁশিয়ার করে মার্কিনিদের উদ্দেশ্যে আল কায়েদা শীর্ষ নেতা ওসামা বিন লাদের একটি অডিও বার্তা দেন। ওই অডিও টেপটি একটি ইসলামি ওয়েবসাইটে প্রচারিত হয়।
'এ স্টেটমেন্ট টু দ্য আমেরিকান পিপল' নামের ওই অডিওটির সময়সীমা ছিল ১১ মিনিট।
বিশেষজ্ঞরা বলছেন, সম্ভবত ওয়েবসাইটে সমস্যার কারণে অথবা আল কায়েদা তা পরিচালনা করার বিষয়ে কিছুটা কঠিন পরিস্থিতিতে পরায় নতুন ভিডিওটি প্রকাশে বিলম্ব হয়েছে। আর তা না হলে ১১ সেপ্টেম্বরে কাছাকাছি সময়ে তা প্রকাশ করত আল কায়েদা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৩৫৫ ঘ.
bdnews24