জোহানেসবার্গ, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---যুক্তরাষ্ট্র নিরাপত্তাজনিত হুমকি পাওয়ার পর দক্ষিণ আফ্রিকায় দূতাবাস ও অন্যান্য আমেরিকান অফিস মঙ্গলবার বন্ধ করে দিয়েছে। তবে দেশটির পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে।
দক্ষিণ আফ্রিকার পুলিশ কমিশনার বেহকি চেলে হুমকির বিস্তারিত জানাননি। তদন্ত চলার কথা জানিয়ে তবে তিনি বলেছেন হুমকিটি ভুয়াও হতে পারে।
কেপ টাউনে সাংবাদিকদের তিনি বলেন, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।
পুলিশ বেশ কিছু লোককে খুঁজছে জানিয়ে চেলে বলেন, "এই হুমকি সত্যি হতেও পারে অথবা হুমকি নাও থাকতে পারে; ভুয়াও হতে পারে।"
মার্কিন দূতাবাসের একজন মুখপাত্র বলেছেন, এক দশকের মধ্যে এবারই প্রথম কোনো হুমকির কারণে দূতাবাস বন্ধ করে দেওয়া হল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১২৬ ঘ.
bdnews24