তেহরান, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ মঙ্গলবার এক সামরিক কুচকাওয়াজে বলেছেন, কেউ তার দেশে হামলা চালালে তার হাত কেটে ফেলা হবে।
১৯৮০ সালে ইরান-ইরাক যুদ্ধ শুরুর বার্ষিকী উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে আহমাদিনেজাদ বলেন, "হামলাকারীরা ট্রিগার টেপার আগেই ইরানের সশস্ত্রবাহিনী তাদের হাত কেটে ফেলবে।"
"বিশ্বের কোনো শক্তিরই ইরানে হামলা চালানোর সাহস হবে না। কারণ আমরা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও অভিজ্ঞ।"
টিভিচিত্রে দেখা যায়, তেহরানে কুচকাওয়াজ মঞ্চের উপবিষ্ট শীর্ষ কর্মকর্তাদের সামনে দিয়ে শত শত সৈন্য প্যারেড করে যাচ্ছে। আহমাদিনেজাদ তাদের সালাম গ্রহণ করেন। কুচকাওয়াজে ইরানে তৈরি দূরপাল্লার ঘাদর, সেজিল ও শাহাব-৩ ক্ষেপণাস্ত্রও প্রদর্শন করা হয়।
টিভি ভাষ্যকাররা বলেন, শাহাব-৩ এর পাল্লা ২ হাজার কিলোমিটার। এর অর্থ ক্ষেপণাস্ত্রটি ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে সক্ষম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯৫৩ ঘ.
bdnews24