তেগুসিগালাপা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- হন্ডুরাসের বিতাড়িত প্রেসিডেন্ট ম্যানুয়েল জেলায়া সোমবার আকস্মিকভাবে দেশে ফিরে ব্রাজিল দূতাবাসে আশ্রয় নিয়েছেন। এতে মধ্য আমেরিকার দেশটিতে সহিংস বিক্ষোভ এবং ব্রাজিলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক লড়াই বাধার আশঙ্কা সৃষ্টি হয়েছে।
প্রায় তিনমাস আগে সামরিক বাহিনীর অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশে ফিরে গ্রেপ্তার এড়ানোর জন্য জেলায়া ব্রাজিল দূতাবাসে আশ্রয় নিলে তার কয়েক হাজার সমর্থক দূতাবাসের সামনে সমাবেশ করে। অভ্যুত্থানের সমর্থনপুষ্ট সরকার বিক্ষোভ এড়াতে সোমবার রাত ও মঙ্গলবার কার্ফ্যু জারি করেছে।
বামপন্থি জেলায়ার প্রত্যাবর্তন নিয়ে দেশটিতে পরিস্থিতির অবনতি হওয়ার বিরুদ্ধে হুঁশিয়ার করে দিয়েছে শীতল যুদ্ধের সময় দেশটির মিত্র যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন কোস্টারিকার প্রেসিডেন্ট অস্কার আরিয়াসের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করার পর বলেছেন, "উভয় পক্ষের সমর্থকদেরই সামনের দিনগুলোতে সংযম প্রদর্শন করা উচিত।"
জেলায়াকে উৎখাতের ফলে সৃষ্ট সংকট নিরসনে অস্কার আরিয়াসের মধ্যস্থতা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে।
গত ২৮ জুন হন্ডুরাসের সেনারা বন্দুকের নলের মুখে জেলায়াকে এক কাপড়ে দেশ ছাড়া করে। তার ক্ষমতার মেয়াদ বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ হয়েছিল সেনাবাহিনী ও দেশটির বিচার বিভাগ।
সোমবার রাতে জেলায়া দেশে ফিরে সমর্থকদের প্রতি রাজধানীতে সমবেত হয়ে তাকে সমর্থন ও অভ্যুথান ব্যর্থ করার আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭৪৭ ঘ.
bdnews24