২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেতানিয়াহু ও আব্বাসের সঙ্গে মঙ্গলবার ওবামার বৈঠক

মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা পুনরায় শুরু করার চেষ্টায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার যৌথভাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনি র্কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন। হোয়াইট হাউজ শনিবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2009, 08:09 AM

Updated : 26 Aug 2022, 12:05 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা পুনরায় শুরু করার চেষ্টায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার যৌথভাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনি র্কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন। হোয়াইট হাউজ শনিবার একথা জানিয়েছে। এই তিন নেতার মধ্যে প্রথম এই বৈঠক নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে। এখানেই আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হবে। হোয়াইট হাউজের মুখপাত্র রবার্ট গিবস এক বিবৃতিতে জানিয়েছেন, ওবামা যৌথবৈঠকের আগে আলাদা আলাদাভাবে নেতানিয়াহু ও আব্বাসের সঙ্গে বৈঠকে বসবেন। নেতানিয়াহুর অফিস থেকে জানানো হয়েছে, ইসরায়েলি নেতা ওবামা ও আব্বাসের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে নিউ ইয়র্কের উদ্দেশে যাত্রা বুধবারের পরিবর্তে সোমবারে এগিয়ে এনেছেন। বিবৃতিতে বলা হয়েছে, "প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের আমন্ত্রণকে স্বাগত জানিয়েছেন।" নেতানিয়াহুর একজন ঊর্ধ্বতন সহযোগী বলেছেন, কোনোরকম পূর্বশর্ত ছাড়াই এই বৈঠক অনুষ্ঠিত হবে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ওবামার ব্যক্তিগত আকাক্সক্ষারই প্রতিফলন ওই বৈঠক। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জর্জ মিচেল প্রায় সপ্তাহব্যাপী মধ্যেপ্রাচ্যে সফর শেষে খুব একটা অগ্রগতি ছাড়াই ওয়াশিংটনে ফিরে গেছেন। ইসরায়েল ও ফিলিস্তিন ওবামার বৈঠকের আমন্ত্রণ গ্রহণ করতে অনিচ্ছুক না হলেও দু'পক্ষের কর্মকর্তারাই বলেছেন, আলোচনার ক্ষেত্রে অনড় অবস্থান থেকে যথেষ্ট পরিমাণে সরে না এসে শুধু ছবি তোলা ও করমর্দন করলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া শুরুর ক্ষেত্রে কাজে আসবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৪০৫ ঘ.