ওয়াশিংটন, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার বলেছেন, তার বর্ণের কারণে তিনি কিছু কিছু বিরোধিতার মুখোমুখি হচ্ছেন, তবে সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার যেমনটি বলেছেন, তার স্বাস্থ্যসেবা কর্মসূচির বিরোধিতার মূল কারণই বর্ণবাদী মানসিকতা তা ঠিক নয়।
"বর্ণের কারণে আমাকে পছন্দ করেন না এমন লোক কি আছে" আমি নিশ্চিত, আছে। কিন্তু এই বিষয়টি সবকিছু ছাপিয়ে ওঠেনি।" সিএনএন-কে বলেন ওবামা।
এ সপ্তাহে মার্কিন স্বাস্থ্যসেবার বিষয়টি নিয়ে যে বিতর্ক চলছে তা আরও জোরালো হয়ে জিমি কার্টারের ওই অভিযোগে। এ নিয়ে টিভি চ্যানেলটিকে দেওয়া সাক্ষাৎকারে নিজের দৃষ্টিভঙ্গী তুলে ধরেন ওবামা।
যুক্তরাষ্ট্রের প্রথম কালো প্রেসিডেন্ট ওবামা বলেন, "আমি মনে করি অনেক লোক আছে যারা সরকারবিরোধী।"
"আমার মনে হয়, যুক্তরাষ্ট্রে পরিবর্তনের সময়ে অথবা প্রেসিডেন্টরা যখন বড় কোনো পরিবর্তন আনতে সচেষ্ট হয়েছেন তখন সাধরণত এরকম বড়ধরনের বিতর্ক চলেছে।"
স্বাস্থ্যসেবার সংস্কার নিয়ে গত সপ্তাহে কংগ্রেসে ওবামার ভাষণের সময় সাউথ ক্যারোলাইনার রিপাবলিকানদলীয় প্রতিনিধি জো উইলসন "আপনি মিথ্যা বলছেন" বলে চিৎকার করে ওঠেন। পাশাপাশি ওয়াশিংটনে হাজার হাজার রক্ষণশীল ব্যক্তি ওবামার বিরোধিতায় বিক্ষোভ করে। এসব দেখার পর কার্টার বলেন, বর্ণবাদী মানসিকতা থেকেই মূলত ওবামার স্বাস্থ্যসেবা সংস্কার কর্মসূচির বিরোধিতা করা হচ্ছে।
এনবিসি নিউজকে সাবেক প্রেসিডেন্ট বলেন, "ওবামার বিরুদ্ধে যে তীব্র ক্ষোভের উদগীরণ হচ্ছে তার বেশিরভাগের মূল কারণ হচ্ছে তিনি একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি।"
নিজ দলের সাবেক প্রেসিডেন্ট কার্টারের সঙ্গে স্পষ্টত দ্বিমত পোষণ করলেও ওবামা কিছু ক্ষেত্রে বর্ণবাদী মানসিকতার শিকার হওয়ার কথা স্বীকার করেন। তবে এর উল্টো দিকটিও তিনি বলেন, "শুধু আমার বর্ণের কারণে আমাকে ভোট দিয়েছে এমন লোক কি আছে? সম্ভবত সেরকম লোকও আছে।"
আফ্রিকান-আমেরিকান বংশোদ্ভূত ওবামা বলেন, রক্ষণশীলদের তরফ থেকে এরকম তীব্র সমালোচনার বাক্যবাণ অতীতেও ছোড়া হয়েছে। "আমার সম্পর্কে এখন যা বলা হচ্ছে তা এফডিআর (ফ্রাঙ্কলিন রুজভেল্ট) সম্পর্কেও বলা হয়েছিল। তাকে কমিউনিস্ট, সমাজতান্ত্রিক বলা হয়েছিল।"
ওবামা যোগ করেন "রোনাল্ড রিগ্যান বেশ কিছু বিষয়ে পরিবর্তন আনতে গেলে তার সম্পর্কে দুষিত কথাবার্তা বলা হয়েছিল।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬৪২ ঘ.
bdnews24