জেরুজালেম, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- কোনো মতৈক্য ছাড়াই সপ্তাহব্যাপী মধ্যপ্রাচ্য সফর শেষ করে শুক্রবার ফিরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিশেষ দূত জর্জ মিচেল। তার অনেক চেষ্টার পরও ইহুদি বসতিস্থাপন বন্ধ নিয়ে বিপরীত অবস্থানে রয়েছে ইসরায়েল ও ফিলিস্তিন।
আগামী সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মধ্যে একটি বৈঠকের আয়োজন করতে পারেন ওবামা। তবে শান্তি আলোচনা পুনরায় শুরুর আগে আরও অনেক কাজ করতে হবে মিচেলের।
শান্তি আলোচনা পুনরায় শুরুতে ব্যর্থ হওয়ায় ইসরায়েল-ফিলিস্তিন একে অপরকে দোষারোপ করলেও আলোচনা অব্যাহত রাখার প্রতিশ্র"তি দিয়ে যাচ্ছে। ওবামার আলোচনা প্রস্তাব প্রত্যাখান না করলেও উভয় পক্ষের কর্মকর্তারাই বলছেন, জাতিসংঘে গিয়ে হাসি হাসি মুখে ছবি তোলা আর করমর্দন করাই শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করার জন্য যথেষ্ট নয়। আলোচনায় নিজেদের অবস্থান পরিবর্তন করাও দরকার।
ফিলিস্তিনি আলোচক সায়েব ইরেকাত বলেন, "মিচেলের সফর কোনো ধরনের ঐকমত্য ছাড়াই শেষ হয়েছে।"
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আইয়ান কেলিও এ হতাশাজনক খবরের কথা স্বীকার করেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, "অবশ্যই আমরা একটি চুক্তির বিষয়ে প্রত্যাশা করছিলাম। আমরা এ অচলাবস্থা কেটে যাওয়ারও প্রত্যাশা করছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৪৫১ ঘ.
bdnews24