ইসলামাবাদ, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লস্কর-ই-তৈয়্যবা'র প্রতিষ্ঠাতা হাফিজ মোহাম্মদ সাঈদকে জিহাদের প্রচারণা চালানো এবং তার পরিচালিত একটি দাতব্য সংস্থার জন্য তহবিল সংগ্রহের অভিযোগে গ্রেপ্তারের পরিকল্পনা করছে পাকিস্তানের পুলিশ। তাকে গত নভেম্বরে মুম্বাইয়ে জঙ্গি হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করে আসছে ভারত।
নিউ ইয়র্কে এই মাসেই পরমাণু শক্তিধর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠকের ঠিক আগে সাঈদের বিরুদ্ধে এসব অভিযোগ এনে গ্রেপ্তারের পরিকল্পনা নেওয়া হয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের আলোচনা পুনরায় শুরুর আগে সাঈদকে গ্রেপ্তারের দাবি জানায় ভারত।
পাকিস্তানের ফয়সালাবাদ শহরের পুলিশ চলতি সপ্তাহে সাঈদের বিরুদ্ধে গত মাসে জিহাদের দাওয়াত এবং তার দাতব্য সংস্থা জামাত-উদ-দাওয়া'র জন্য তহবিলের জন্য অনুসারীদের উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার দুটি অভিযোগ দায়ের করেছে।
ফয়সালাবাদ পুলিশের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা হাফিজ মোহাম্মদ ইরফান শুক্রবার বলেন, আমরা খুব শিগগিরই তাকে গ্রেপ্তার করব বলে আশা করছি।
সাঈদের একজন মুখপাত্র বলেন, সাঈদ বর্তমানে লাহোরে আছেন। ভারতের চাপের মুখে প্রশাসন কাজ করছে বলে তিনি মন্তব্য করেন।
২০০৪ সালে ভারত-পাকিস্তান শান্তি প্রক্রিয়া শুরু হয়। মুম্বাই বোমা হামলার পর এতে পাকিস্তানি জঙ্গি সংগঠন জড়িত থাকার অভিযোগ দেখিয়ে সেই প্রক্রিয়া ভেঙে দেয় ভারত। ওই বোমা হামলায় ১৬৬ জন নিহত হয়।
শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করার ব্যাপারে আগ্রহী পাকিস্তান মুম্বাই বোমা হামলার আংশিক পরিকল্পনা নিজেদের মাটিতে হয়েছে বলে স্বীকার করে নেয় এবং পাঁচজন অভিযুক্তের বিচারকাজও শুরু করে।
স
bdnews24