ওয়াশিংটন, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা পূর্বসূরি বুশ আমলে নেওয়া ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা বাদ দিয়েছেন। রাশিয়া ওই পরিকল্পনার তীব্র বিরোধিতা করছিল। ওবামা বৃহস্পতিবার বলেছেন, তিনি ইরান থেকে ইউরোপকে রক্ষায় আরও বেশি উন্নততর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলবেন।
ওবামার এই পদেক্ষেপে পূর্ব ইউরোপে ক্রেমলিনের প্রভাব পুনরায়ে বেড়ে যাওয়ার আশঙ্কা করছে দেশগুলো। তবে ওবামা বলেছেন, তার সামরিক কমান্ডাররা ইউরোপের নিরাপত্তার ব্যাপারে ইরানের স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের প্রতি মনোযোগী হতে পরামর্শ দিয়েছেন। তিনি তাদের পরিকল্পনাই অনুমোদন করেছেন।
পোল্যান্ডে ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থা এবং চেক প্রজাতন্ত্রে এ ব্যবস্থার রাডার স্টেশন স্থাপনের বুশের পরিকল্পনা বাদ দিয়ে ওবামা বলেন, "ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলায় আরও শক্তিশালী ও কার্যকর ব্যবস্থা শিগগিরই গড়ে তোলা হবে।"
নতুন পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্র প্রথমে ক্ষেপণাস্ত্র ধ্বংস করার ব্যবস্থাসহ রণতরী মোতায়েন করবে, দ্বিতীয় ধাপে স্থলভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়া হবে।
রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন। এই সিদ্ধান্তের ফলে আফগানিস্তান, ইরান ও অস্ত্রনিয়ন্ত্রণের ব্যাপারে রাশিয়ার সমর্থন আদায় করা সহজ হবে।
এর আগে পূর্ব ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার পরিকল্পনা থেকে ওয়াশিংটনের সরে যাওয়ার কথা জানিয়েছিলেন চেক প্রধানমন্ত্রী জ্যান ফিশার। ওয়াশিংটন ও মস্কোর মধ্যে উত্তেজনা সৃষ্টিকারী ওই পরিকল্পনার আওতায় ইরানের মতো 'দূর্র্বৃত্ত' রাষ্ট্রগুলোর হুমকি মোকাবেলার কথা বলেছিলেন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।
বৃহস্পতিবার চেক প্রধানমন্ত্রী সাংবাদিকদের জানান, ভোররাতের পরপরই ওবামা তাকে এ পরিকল্পনা বাদ দেওয়ার কথা জানাতে ফোন করেছেন। চেক প্রজাতন্ত্র এ সিদ্ধান্ত মেনে নিয়েছে বলেও জানান তিনি।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধ মীমাংসা, আফগানিস্তানে তালেবান বিরোধী লড়াই এবং বিশাল পরমাণু অস্ত্রভান্ডার হ্রাস করার কাজে রাশিয়ার সহযোগিতা লাভের আশা নিয়ে ওবামা প্রশাসন মস্কোর সঙ্গে সম্পর্কোন্নয়নের পথ খুঁজছে।
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিশ্বাস, ইরানের দূর পাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির অগ্রগতি আগে যতটা ধারণা করা হয়েছিল ততটা দ্রুত হয়নি। ফলে যুক্তরাষ্ট্র ও এর ইউরোপীয় মিত্র দেশগুলোর প্রতি ইরানের হুমকি কমে এসেছে। এ বিশ্বাস থেকেই যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
২০০৮ সালের আগস্টে পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েন এবং চেক প্রজাতন্ত্রে রাডার স্টেশন চালু করা নিয়ে বুশ প্রশাসনের চুক্তি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচবি/১৩৪৫ ঘ.
bdnews24