২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা থেকে সরে আসছে যুক্তরাষ্ট্র: চেক প্রধানমন্ত্রী

ওয়াশিংটন পূর্ব ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার পরিকল্পনা থেকে সরে আসছে। চেক প্রধানমন্ত্রী জ্যান ফিশার সাংবাদিকদের একথা বলেছেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ফোনে তাকে একথা জানিয়েছেন বলে জানান ফিশার। ওদিকে, পোল্যান্ড জানিয়েছে, ওবামা এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবারেই জানাবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2009, 12:49 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

মস্কো, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ওয়াশিংটন পূর্ব ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার পরিকল্পনা থেকে সরে আসছে। চেক প্রধানমন্ত্রী জ্যান ফিশার সাংবাদিকদের একথা বলেছেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ফোনে তাকে একথা জানিয়েছেন বলে জানান ফিশার। ওদিকে, পোল্যান্ড জানিয়েছে, ওবামা এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবারেই জানাবেন। ওয়াশিংটন ও মস্কোর মধ্যে উত্তেজনা সৃষ্টিকারী এই প্রতিরক্ষা ব্যবস্থা ইউরোপে গড়ার পরিকল্পনা করেছিল সাবেক বুশ প্রশাসন। এ পরিকল্পনার আওতায় ইরানের মতো দূর্র্বৃত্ত রাষ্ট্রগুলোর হুমকি মোকাবেলায় পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েন এবং চেক প্রজাতন্ত্রে রাডার স্টেশন স্থাপনের কথা ছিল যুক্তরাষ্ট্রের। কিন্তু বৃহস্পতিবার চেক প্রধানমন্ত্রী সাংবাদিকদের জানান, ভোররাতের পরপরই বারাক ওবামা তাকে এ পরিকল্পনা বাদ দেওয়ার কথা জানাতে ফোন করেছেন। চেক প্রজাতন্ত্র এ সিদ্ধান্ত মেনে নিয়েছে বলেও জানান তিনি। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধ মীমাংসা, আফগানিস্তানে তালেবান বিরোধী লড়াই এবং বিশাল পরমাণু অস্ত্রভান্ডার হ্রাস করার কাজে রাশিয়ার সহযোগিতা লাভের আশা নিয়ে ওবামা প্রশাসন মস্কোর সঙ্গে সম্পর্কোন্নয়নের পথ খুঁজছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিশ্বাস, ইরানের দূর পাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির অগ্রগতি আগে যতটা ধারণা করা হয়েছিল ততটা দ্রুত হয়নি। ফলে যুক্তরাষ্ট্র ও এর ইউরোপীয় মিত্র দেশগুলোর প্রতি ইরানের হুমকি কমে এসেছে। এ বিশ্বাস থেকেই যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। খবরটি সত্য হলে ওবামা প্রশাসনের এ সিদ্ধান্তে মস্কো খুশি হবে। কিন্তু রাশিয়ার বিরুদ্ধে ওয়াশিংটনের সমর্থন প্রত্যাশী পূর্ব ইউরোপের দেশগুলো এতে উদ্বিগ্ন হয়ে পড়তে পারে। ২০০৮ সালের আগস্টে পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েন এবং চেক প্রজাতন্ত্রে রাডার স্টেশন চালু করা নিয়ে বুশ প্রশাসনের চুক্তি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫২১ঘ.