কাবুল, ১৫ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের নির্বাচনে জালিয়াতির অভিযোগ খতিয়ে দেখতে ১০ শতাংশ ভোটকেন্দ্রের ভোট পুনর্গণনার প্রয়োজন পড়বে। জাতিসংঘ-নিয়োজিত নজরদারি কমিশনের প্রধান গ্র্যান্ট কিপেন মঙ্গলবার একথা জানিয়েছেন।
নজরদারি কমিশন নির্বাচনে "জালিয়াতির সুস্পষ্ট ও বিশ্বাসযোগ্য তথ্যপ্রমাণ" পাওয়ার কথা জানিয়ে গত সপ্তাহে আংশিক ভোট পুনর্গণনার আদেশ দেয়। কিপেন বলেন, ভোট পুনর্গণনার এই আদেশের আওতায় ১০ শতাংশ ভোটকেন্দ্রের ভোট যাচাই বাছাই কতরে দেখা হবে।
এ ঘোষণায় নির্বাচনী ফলে প্রভাব ফেলার মতো যথেষ্ট ভোটই জালিয়াতি তদন্তের আওতায় এল। এতে করে কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাসে নির্বাচনী ফল প্রকাশ করা নিয়ে অনিশ্চয়তাও আরও বাড়ল।
নির্বাচনে বিরোধীদলীয় প্রার্থী আবদুল্লাহ আবদুল্লাহ বলেছেন, ফল প্রকাশ আগামী বছরে গড়ালে তিনি উত্তরণশীল সরকার চান। যে সরকারের নেতৃত্বে তিনি কিংবা হামিদ কারজাই কেউই থাকবেন না।
আবুদুল্লাহ রয়টার্সকে বলেন, আফগানিস্তানের নির্বাচন ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তিনি পশ্চিমা কর্মকর্তাদের সঙ্গে অবিরাম আলোচনা চালিয়ে যাচ্ছেন। কিন্তু অচলাবস্থা নিরসনে তিনি কারজাইয়ের সঙ্গে জোট গড়া নিয়ে আলোচনা করছেন না।
এ পর্যন্ত ৯৫ শতাংশ ভোট গণনায় কারজাই ৫৪ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে প্রতিপক্ষ আবদুল্লাহর চেয়ে এগিয়ে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৪৪ ঘ.
bdnews24