২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমতীরে বাড়ি নির্মাণ বন্ধ করব না: নেতানিয়াহু

ওয়াশিংটনের দাবি অনুযায়ী ইসরায়েল পশ্চিম তীরের ইহুদি বসতিতে বাড়ি নির্মাণ পুরোপুরি বন্ধ করবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার একথা বলেছেন। তবে তিনি বলেন, ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি আলোচনা শুরুর স্বার্থে নির্মাণকাজ সীমিত রাখা যেতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2009, 02:43 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

জেরুজালেম, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ওয়াশিংটনের দাবি অনুযায়ী ইসরায়েল পশ্চিম তীরের ইহুদি বসতিতে বাড়ি নির্মাণ পুরোপুরি বন্ধ করবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার একথা বলেছেন। তবে তিনি বলেন, ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি আলোচনা শুরুর স্বার্থে নির্মাণকাজ সীমিত রাখা যেতে পারে। ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, অধিকৃত অঞ্চলে চলমান নির্মাণকাজের আওতায় ২৫০০ বসতবাড়ি নির্মাণ চলবে। মঙ্গলবার মার্কিন দূত জর্জ মিচেলের সঙ্গে বৈঠকের আগে নেতানিয়াহু পার্লামেন্টের একটি প্যানেলে এক মন্তব্যে এ পদক্ষেপে জোর সমর্থন দিয়েছেন। পার্লামেন্টের এক কর্মকর্তা নেতানিয়াহুর উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, "আমেরিকানরা আমাদেরকে বসতিস্থাপন পুরোপুরি বন্ধ করতে বলেছে এবং আমরা তাদেরকে বলেছি যে, আমরা তা করব না।" পার্লামেন্টের বৈদেশিক ও প্রতিরক্ষা কমিটিতে নেতানিয়াহুর মন্তব্য সম্পর্কে সাংবাদিকদেরকে ব্রিফিংদানকালে ওই কর্মকর্তা একথা জানান। তিনি আরও জানান, বসতিস্থাপন পুরোপুরি বন্ধ না করে নেতানিয়াহু কিছু বাড়ি কম নির্মাণ করার কথা বিবেচনা করার আশ্বাস দিয়েছেন। নেতানিয়াহু বলেছেন, "আমি আমেরিকানদেরকে বলেছি যে, আমরা নির্মাণকাজ কমানোর কথা বিবেচনা করব।" অধিকৃত পশ্চিম তীরের কথা উল্লেখ করে তিনি বলেন, "জুদেয়া ও সামরিয়া ইহুদিবসতিতে অধিবাসীদের স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখার প্রয়োজনীয়তা এবং রাজনৈতিক আলোচনায় অগ্রগতির আকাঙ্খা--- দুয়ের মধ্যে ভারসাম্য বজায় থাকতে হবে।" ইসরায়েলি বেতারে নেতানিয়াহুর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, নির্মাণকাজের ওপর কোনও বাধানিষেধ খুব সীমিত সময়ের জন্যই কার্যকর থাকবে। তবে এর কোনও নির্দিষ্ট সময়সীমা তিনি উল্লেখ করেননি। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলে আসছেন, ২০০৩ সালের শান্তির রোডম্যাপ অনুযায়ী ইসরায়েল ইহুদি বসতি নির্মাণ পুরোপুরি বন্ধ না করলে তিনি আলোচনার টেবিলে ফিরবেন না। দুপক্ষের মধ্যে ডিসেম্বর থেকে শান্তি আলোচনা বন্ধ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২০০ ঘ.