তাইপে, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় শুক্রবার তাইওয়ানের সাবেক প্রেসিডেন্ট চেন সুই বিয়ানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে তাইপে আদালত। ঘুষ, অর্থ আত্মস্যাৎসহ দুর্নীতির ছয়টি অভিযোগে চেনকে এ সাজা দেওয়া হয়। চেনের স্ত্রী উ সু-চেনকেও দুর্নীতির অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
তাইপের জেলা আদালত চেন সুই বিয়ানকে ২০০ মিলিয়ন তাইওয়ানি ডলার জরিমানাও করেছে। চেন তার বিরুদ্ধে আনীত অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছেন এবং কোনওরকম অপকর্মের কথা অস্বীকার করেছেন।
এর আগে দুর্নীতি মামলায় মিথ্যা সাক্ষ্য দেওয়ার চেনের স্ত্রী সু চেনের জেল হয়। ঘুষ দুর্নীতির ৭ টি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তাকেও শুক্রবার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালত সু-চেন কেও ৩০০ মিলিয়ন তাইওয়ানি ডলার জরিমানা করেছে। সংশ্লিষ্ট অপরাধের জন্য ২০ থেকে ৩০ মাসের দণ্ড দেওয়া হয়েছে চেনের পুত্র ও পুত্রবধূকেও।
আদালতের মুখপাত্র হুয়াং চুন-মিং বলেন, "চেন সুই বিয়ান ও তার স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। কারণ, চেন দেশের বিরাট ক্ষতি করেছেন। আর উ সু-চেন ফার্স্ট লেডি হিসাবে দুর্নীতিতে জড়িত ছিলেন।"
চেনের এক মুখপাত্র আদালতের রায়কে অবৈধ আখ্যা দিয়েছেন। চেন বলেছেন, তিনি রায়ের বিরুদ্ধে আপিল করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯০৪ ঘ.
bdnews24