ওয়াশিংটন, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রে দারিদ্র্যের হার ১১ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছার কথা জানানো হয়েছে সরকারি প্রতিবেদনে। বৃহস্পতিবার সেনসাস ব্যুরো জানায়, ২০০৮ সালে দারিদ্র্যের হার দাঁড়ায় ১৩ দশমিক ২ শতাংশ। আগের বছর এই হার ছিল ১২ দশমিক ৫ শতাংশ।
সেনসাস ব্যুারো বলেছে, "২০০৮ সালে দারিদ্র্যসীমার নিচে ছিল ৩৯ দশমিক ৮ মিলিয়ন লোক। ২০০৭ সালে ছিল ৩৭ দশমিক ৩ মিলিয়ন।"
১৯৯৭ সালের পর যুক্তরাষ্ট্রে দারিদ্র্যের এ হার সর্বোচ্চ।
বলা হয়েছে, ২০০৪ সাল থেকে প্রথমবারের মতো দারিদ্র্যের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে শুরু করে।
২০০৮ সালে প্রতিটি একক পরিবারের উপার্জন (বার্ষিক) আগের বছরের চেয়ে ৩ দশমিক ৬ শতাংশ কমে ৫০,৩০৩ ডলারে নামে।
ব্যুারোর এই পরিসংখ্যান ৩০ দশকের মহামন্দার পর যুক্তরাষ্ট্রে সবচেয়ে মারাত্মক মন্দায় পরিবারগুলোর ভোগান্তির চিত্র তুলে ধরেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৫৫৫ ঘ.
bdnews24