২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট জালিয়াতির অভিযোগ ঠেলে কারজাইকে সমর্থন জারদারির

ভোট জালিয়াতির অভিযোগে ক্রুটিপূর্ণ আফগান নির্বাচন নিয়ে উদ্বেগকে আমল না দিয়ে বুধবার প্রেসিডেন্ট হামিদ কারজাইকে সমর্থন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। জারদারি বলেন, কারজাই নতুন মেয়াদে শপথ নেওয়ার সময় তিনি উপস্থিত থাকবেন। বিবিসি টেলিভিশনে এক সাক্ষাৎকারে জারদারি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2009, 07:41 AM

Updated : 26 Aug 2022, 12:02 PM

লন্ডন, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভোট জালিয়াতির অভিযোগে ক্রুটিপূর্ণ আফগান নির্বাচন নিয়ে উদ্বেগকে আমল না দিয়ে বুধবার প্রেসিডেন্ট হামিদ কারজাইকে সমর্থন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। জারদারি বলেন, কারজাই নতুন মেয়াদে শপথ নেওয়ার সময় তিনি উপস্থিত থাকবেন। বিবিসি টেলিভিশনে এক সাক্ষাৎকারে জারদারি একথা বলেন। আফগানিস্তানে মঙ্গলবার ভোটগণনার প্রায় শেষপর্যায়ের প্রকাশিত ফলাফলে বর্তমান প্রেসিডেন্ট হামিদ কারজাই প্রথম দফাতেই নির্বাচনে জিতে যাওয়ার পর্যায়ে রয়েছেন। তবে জাতিসংঘের নিয়োগ করা নজরদারি কমিশন নির্বাচনে "জালিয়াতির সুস্পষ্ট ও বিশ্বাসযোগ্য তথ্যপ্রমাণ" পাওয়ার কথা জানিয়ে আংশিক ভোট পুনর্গণনার আদেশ দিয়েছে। কারজাইকে বিজয়ী ঘোষণা করা হলে নির্বাচন ক্রুটিপূর্ণ হবে কিনা--- এ প্রশ্নের জবাবে কারজাইকেই সমর্থন দেওয়ার ইঙ্গিত দেন জারদারি। তিনি বলেন, "তিনি শপথ নেওয়ার সময় আমি তার পাশে থাকব। কারণ, আমি শপথ নেওয়ার সময় তিনি সেখানে ছিলেন। তাই আমিও একই কাজ করব।" আফগানিস্তানে ভোট ডাকাতির অভিযোগ এখনও খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ করে জারদারি বলেন, "আমার বিশ্বাস সেখানে যথেষ্ট আন্তর্জাতিক পর্যবেক্ষক আছে। পাকিস্তানের প্রেসিডেন্টের আর অতিরিক্ত পর্যবেক্ষক হওয়ার প্রয়োজন নেই।" এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, আফগানিস্তানের নির্বাচনে পাকিস্তানের কোনও পছন্দের প্রার্থী নেই। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর থেকেই আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্ক অস্বস্তিকর।কিন্তু জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে দু দেশের মধ্যে বৃহত্তর সহযোগিতা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আফগান কৌশলে অত্যন্ত গুরুত্ব পাচ্ছে। জারদারি ২০০৮ সালে পাকিস্তানের প্রেসিডেন্ট হওয়ার পর আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উন্নত হয়েছে। সাক্ষাৎকারে কারজাইকে সমর্থন করার পাশাপাশি জারদারি কুন্দুজে গত সপ্তাহের ন্যাটো বিমান হামলায় বেসামরিক নাগরিক হতাহতের ঘটনার জাতিসংঘ তদন্তেরও আহ্বান জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৫৯ ঘ.