বার্লিন, সেপ্টেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)------ দেশের নিরাপত্তা রক্ষায় আফগানদেরকেই বেশি দায়িত্ব নিতে হবে। জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল মঙ্গলবার একথা বলেছেন। এর মধ্য দিয়ে ম্যার্কেল জার্মানিতে নির্বাচনের তিন সপ্তাহ আগে আফগানিস্তানে বার্লিনের ভূমিকা নিয়ে বিরোধ নিরসনের চেষ্টা নিয়েছেন।
আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে গত সপ্তাহে দুটো জ্বালানি ট্যাংকারে ন্যাটো বিমান হামলা নিয়ে সমালোচনা ম্যার্কেল প্রত্যাখ্যান করেছেন। আফগান কর্মকর্তারা বলেছেন, ওই হামলায় ৬০-৭০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। জার্মান সেনারা ওই হামলা চালায়।
মঙ্গলবার জার্মান পার্লামেন্টে ম্যার্কেল বলেন, "আফগানিস্তানে নতুন নেতৃত্ব আসছে। বছর শেষে নিরাপত্তার দায়দায়িত্ব কিভাবে হস্তান্তর করা যায় তা নির্ধারণ করে নেওয়ার এখনই সঠিক সময়।"
আফগানিস্তানে ক্রমবর্ধমান সহিংসতার মুখে বেশির ভাগ জার্মান নাগরিকই সেখান থেকে জার্মান সেনাদের দেশে ফিরিয়ে আনার পক্ষপাতি। অন্যান্য পশ্চিমা দেশগুলোতেও আফগানিস্তানে সেনা মোতায়েনের পক্ষে জনসমর্থন কমে আসছে।
ম্যার্কেল বলেছেন, আফগানিস্তানে জার্মান সেনাদের এখনও কিছু দায়দায়িত্ব আছে। তবে নিরাপত্তার দায়িত্ব আফগানদের হাতে হস্তান্তর করে কিভাবে সেনাদের দেশে ফিরিয়ে আনা যায় সে সিদ্ধান্ত নিতে তিনি এ বছর আফগানিস্তান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠানের আহ্বান পুনর্ব্যক্ত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২১২ ঘ.
bdnews24