২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুন্দুজে বিমান হামলার সমালোচনা প্রত্যাখ্যান মার্কেলের

জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল আফগানিস্তানের কুন্দুজে গত সপ্তাহে জার্মান সেনাদের নির্দেশনায় পরিচালিত বিমান হামলার সমালোচনা প্রত্যাখ্যান করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2009, 01:29 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

বার্লিন, সেপ্টেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল আফগানিস্তানের কুন্দুজে গত সপ্তাহে জার্মান সেনাদের নির্দেশনায় পরিচালিত বিমান হামলার সমালোচনা প্রত্যাখ্যান করেছেন। দেশে ফেডারেল নির্বাচনের তিন সপ্তাহ আগে মঙ্গলবার পার্লামেন্টে বক্তৃতায় মার্কেল বলেন, আফগানিস্তানে জার্মান সেনাদের এখনো দায়িত্ব পালনের বিষয় রয়েছে। তবে তিনি আফগান কর্মকর্তাদের ওপর দেশটির নিরাপত্তার ভার হস্তান্তরের ব্যাপারে মতৈক্যে পৌঁছাতে এই বছরের মধ্যে একটি আন্তর্জাতিক সম্মেলন ডাকার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। এতে দেশটিতে ন্যাটোর সৈন্যসংখ্যা কমানো সম্ভব হবে। পার্লামেন্টকে তিনি বলেন, আফগানিস্তানে ওই বিমান হামলার ব্যাপারে বিস্তারিত প্রতিবেদন পেশ করা হবে। মার্কেল বলেন, "আমরা কোনোকিছুর ওপর বাড়তি রং চড়াই না। তবে তথ্যপ্রমাণের আগেই কোনো ধরনের নিন্দাবাদও আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমি জার্মানি বা অন্য যে কোনো দেশের মানুষকেই এ ধরনের সমালোচনা মেনে না নেওয়ার আহ্বান জাানাচ্ছি।" তালেবানরা ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় দুটি জ্বালানি ট্যাঙ্কের ওপর জার্মানি সেনাদের আহ্বানে বিমান হামলার পর ব্যাপক চাপের মুখে পড়েছেন মার্কেল। আফগান কর্মকর্তারা বলেছেন, বেসামরিক নাগরিকসহ বহু লোক ওই হামলায় নিহত হয়েছেন। আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, ওই হামলা ছিল 'বিচার-বিবেচনায় বড়ো ধরনের ভুল'। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২০২৭ ঘ.