কাবুল, সেপ্টেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আফগানিস্তানের কুন্দুজে গত সপ্তাহে ন্যাটোর জার্মান সেনাদের বিমান হামলা 'বিচার-বিবেচনায় বড়ো ধরনের ভুল'। আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই সোমবার ফ্রান্সের 'ল্য ফিগারো' পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে একথা বলেছেন। ওই বিমান হামলায় বহুসংখ্যক বেসামরিক আফগান নিহত হয়েছে বলেই ধারণা করা হচ্ছে।
সাক্ষাৎকারে কারজাই একইসঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ওয়াশিংটন তাকে নিজ উদ্দেশ্য সিদ্ধিতে কাজে লাগাতে চায়। তিনি বলেন, তার বন্ধুবান্ধব ও পরিবারের নিন্দা করে যুক্তরাষ্ট্র তার অবস্থান ক্ষুন্ন করা এবং তাকে আরও নাজুক অবস্থায় ফেলার চেষ্টা নিয়েছে।
আফগানিস্তানে মার্কিন ও ন্যাটো বাহিনী কমান্ডারের কথা উল্লেখ করে কারজাই বলেন, "জেনারেল স্ট্যানলে ম্যাকক্রিস্টাল টেলিফোনে আমার কাছে ক্ষমা চেয়েছেন এবং তিনি হামলার নির্দেশ দেননি বলে জানিয়েছেন।"
কুন্দুজ প্রদেশে গত শুক্রবার তালেবানদের দখল করা দুটি জ্বালানি ট্যাংকারে মার্কিন এফ-১৫ জঙ্গি বিমান হামলা চালায় জার্মান সেনারা। এতে অন্তত ৯০ জন নিহত হয় এবং এদের বেশির ভাগই বেসামরিক আফগান বলে খবর পাওয়া গেছে।
কাবুলের বেসরকারি প্রতিষ্ঠান 'আফগানিস্তান রাইটস মনিটর'(এআরএম) এর পাওয়া প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, নিহতদের ৬০-৭০ জনই নিরস্ত্র জনতা।
জার্মানি এ ঘটনায় দু'বার আত্মপক্ষ সমর্থন করেছে। জার্মানিতে নির্বাচনের আগে কুন্দুজের এই হামলার ঘটনা বড়ো ধরনের অভ্যন্তরীন ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ঘটনাটি জরুরি তদন্তের আহ্বানও জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল।
কিন্তু ল্য ফিগারো'র সঙ্গে সাক্ষাৎকারে কারজাই বলেন, "তারা জ্বালানি ট্যাংক উদ্ধার করতে স্থল সেনা পাঠালো না কেন?"
জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র থমাস রাবে সোমবার বলেছেন, ট্যাংকের কাছে সশস্ত্র তালেবানদের উপস্থিতির তথ্যের ভিত্তিতেই সেখানে বিমান হামলা চালানোর নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি বলেন, "তথ্যের ভিত্তিতে আমরা বিমান হামলা চালানোর সিদ্ধান্তই ঠিক মনে করি।" তিনি আরও বলেন, আপনাকে বুঝতে হবে যে আমরা মধ্যরাতের কথা বলছি। যখন বিশেষ ব্যবস্থায় পরিস্থিতির ওপর নজর রাখা হয়। যেখানে শত্র"রা কি পরিকল্পনা করছে তা আমরা জানি না। আর তাই আমি মনে করি যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা পুরোপুরি ঠিক।"
কুন্দুজ হামলার সমালোচনা করে কারজাই বলেন, তিনি আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিবর্তনকে সমর্থন করেছেন যে প্রস্তাবে তালেবান হত্যার চেয়ে আফগান জনগণকে রক্ষার ওপরই বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল।
গত মাসের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পথে থাকা কারজাই যুক্তরাষ্ট্রের সঙ্গে তার টানাপোড়েনের সম্পর্ক তুলে ধরে বলেন, তার রানিংমেট মোহাম্মদ কাশিম ফাহিমকে নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা আসলে তাকে (কারজাই) উদ্দেশ্য করেই করা হয়েছে।
কারজাই আরও বলেন, আমেরিকা তার ছদ্মবেশী সমালোচনা করে। কারণ তারা তাকে বাগে রাখতে চায়। তারা ভুল করছে। তারা তাদের স্বার্থেই প্রেসিডেন্টের ওপর আফগান জনগণের শ্রদ্ধা বজায় রাখতে চায়।
তিনি বলেন, আমেরিকার হাতের পুতুল বনে যাওয়া আফগান প্রেসিডেন্ট কারও স্বার্থেই কাম্য নয়।
নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ কারজাইয়ের রানিংমেট ফাহিমকে আফগানিস্তানের সবচেয়ে কুখ্যাত যুদ্ধবাজ নেতা আখ্যা দিয়েছে। ল্য ফিগারো বলেছে, যুক্তরাষ্ট্র তাকে মাদক চোরাকারবারী হিসাবে চিহ্নিত করেছে।
কারজাইয়ের ভাই দুর্নীতিগ্রস্ত এমন অভিযোগের কোনও প্রমাণ কাবুলের মার্কিন দূতাবাস দিতে পারেনি বলে দাবি করেছেন আফগান প্রেসিডেন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১৪৬ ঘ.
bdnews24