২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান সম্পর্কিত গোপন তথ্যের অভিযোগ ভিত্তিহীন: বারাদি

জাতিসংঘ আণবিক শক্তি সংস্থা আইএইএ প্রধান এল বারাদি সোমবার বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তার কাছে গোপন তথ্য আছে--- ইসরায়েল এবং ফ্রান্সের এমন অভিযোগ ভিত্তিহীন। এ ধরনের অভিযোগ তাৎক্ষণিকভাবে বন্ধ হওয়া উচিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2009, 12:53 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

ভিয়েনা, ৭ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাতিসংঘ আণবিক শক্তি সংস্থা আইএইএ প্রধান এল বারাদি সোমবার বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তার কাছে গোপন তথ্য আছে--- ইসরায়েল এবং ফ্রান্সের এমন অভিযোগ ভিত্তিহীন। এ ধরনের অভিযোগ তাৎক্ষণিকভাবে বন্ধ হওয়া উচিত। ইরানের পরমাণু অস্ত্র তৈরি উপযোগী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সম্পর্কিত তথ্যপ্রমাণ বারাদি গোপন করে রেখেছেন--- সমালোচকদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আইএইএ'র স্পর্শকাতর পরমাণু অস্ত্র পরিদর্শন কর্মসূচি নিয়ে প্রকাশ্যে বিরল ওই মন্তব্য করলেন তিনি। ২৮ আগস্টে আইএইএ'র এক প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা গোয়েন্দা নথিতে ইরানের গোপনে ইউরেনিয়াম প্রসেসিং, বিস্ফোরক পরীক্ষার মধ্য দিয়ে পরমাণু ওয়ারহেডে ব্যবহার উপযোগী করে ক্ষেপণাস্ত্র তৈরির যে আভাস রয়েছে তা একরকম জোর করেই বলা হয়েছে। এতে বলা হয়, ইরানকে গোয়েন্দা তথ্য কেবল অতিরঞ্জিত বলে প্রত্যাখ্যান করলেই চলবে না তাদেরকে বিষয়টি পরিস্কার করতে হবে। কিন্তু ইরানের পরমাণু কর্মসূচির কোনও বাস্তব প্রমাণ প্রতিবেদনে দেওয়া হয়নি। আইএইএ'র ৩৫ জাতি বোর্ড অব গভর্নর্সের বৈঠকের উদ্বোধনী ভাষণে বারাদি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি তদন্তে আইএইএ'র সব তথ্যেই এ পর্যন্ত সারবস্তু খতিয়ে দেখার চেষ্টা করা হয়েছে এবং সংস্থাটি বস্তুনিষ্ঠতার এই মানদণ্ড বজায় রাখবে। বারাদি বলেন, আইএইএ বোর্ড অব গভর্নরস তথ্য গোপন করে রেখেছে--- কয়েকটি সদস্যদেশের এমন অভিযোগে আমি হতাশ। এ সমস্ত অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন। আইএইএ'র কাজকে প্রভাবিত করার এমন পদক্ষেপ সংস্থাটির স্বাধীনতা ও বস্তুনিষ্ঠতা ক্ষুন্ন করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০০৯ ঘ.