বার্লিন, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)------ আফগানিস্তান পরিস্থিতি নিয়ে এ বছর জাতিসংঘ সম্মেলন আহ্বান করেছে জার্মানি ও ব্রিটেন। আফগানিস্তানে ন্যাটো সেনা হ্রাসের আগে আফগান কর্তৃপক্ষের হাতে নিরাপত্তার দায়িত্ব অর্পণের নতুন লক্ষ্য নির্ধারণ করতে রোববার এই সম্মেলন আহ্বান করেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। ম্যার্কেল একইসঙ্গে কুন্দুজে গত শুক্রবারের ন্যাটো বিমান হামলায় ৯০ জন নিহতের ঘটনার জরুরি তদন্তেরও আহ্বান জানান।
ন্যাটো বাহিনীর জার্মান সেনাদের চালানো ওই বিমান হামলায় নিহতদের মধ্যে বহু বেসামরিক আফগান রয়েছে বলে খবর পাওয়া গেছে। ম্যার্কেল বলেন, "কুন্দুজে নিহতদের মধ্যে বেসামরিক আফগান থেকে থাকলে আমরা অত্যন্ত দুঃখিত। কারণ, আপনারা জানেন, জনগণের আস্থা অর্জন করাটাই আমাদের লক্ষ্য।"
গর্ডন ব্রাউনের সঙ্গে এক ঘোষণায় ম্যার্কেল বলেন, এ বছর আফগানিস্তান নিয়ে জাতিসংঘ সম্মেলন হওয়া উচিত। বার্লিনে এক সাংবাদিক সম্মেলনে ব্রাউন ও ম্যার্কেল দুজনই জানান, ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির সঙ্গে একযোগে তারা এ সম্মেলনের উদ্যোগ নিচ্ছেন এবং বিষয়টি নিয়ে ইতোমধ্যেই ওয়াশিংটন এবং ন্যাটোর সঙ্গে আলোচনা হয়েছে।
ম্যার্কেল সাংবাদিকদের বলেন, "ক্ষমতার উত্তরণের এই আসন্ন সময়ে আমরা আফগান সরকারকে আরও বেশি দায়দায়িত্ব নিতে প্রস্তুত করার পরিকল্পনা করেছি।"
তিনি আরও বলেন, "আমরা তাদেরকে প্রশিক্ষণ এবং বেসামরিক পুনর্গঠন কর্মসূচিতে সাহায্য করব। একইসঙ্গে আফগানিস্তানের নিরাপত্তা কাঠামো সুদৃঢ় রাখাটাও আমাদের লক্ষ্য। আমাদেরকে চূড়ান্তভাবে এ লক্ষ্যে আগাতে হবে। আর আফগানরা যতবেশি নিরাপত্তার দায় দায়িত্ব নেবে আন্তর্জাতিক বাহিনীর উপস্থিতি ততই কমানো যাবে।"
গর্ডন ব্রাউন অবশ্য আফগানিস্তানে সেনা সংখ্যা কমানোর কথা উল্লেখ করেননি। এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে ম্যার্কেল এর কোনও সময়সীমা উল্লেখ করতে অস্বীকৃতি জানান। তিনি কেবল বলেন, মিত্রদের সঙ্গে আলোচনার মধ্য দিয়েই সেনা কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।
ব্রাউন বলেন, জাতিসংঘ সম্মেলনে আগামী আফগান সরকার, জাতিসংঘ, ন্যাটো এবং আফগানিস্তানের ন্যাটো মিশনে অবদান রাখা গুরুত্বপূর্ণ দেশগুলোর সম্মিলন ঘটবে। সম্মেলনের লক্ষ্য হবে আফগানিস্তানে নিরাপত্তা, শাসনব্যবস্থা এবং উন্নয়ন কর্মসূচি পরিচালনায় ন্যাটো মিশনের পরবর্তী অধ্যায় নির্ধারণ করা এবং আফগানরা কিভাবে দেশের ভবিষ্যৎ গড়ায় আরও বেশি ভূমিকা রাখতে পারে তা খতিয়ে দেখা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১০৫৮ ঘ.
bdnews24