ম্যানিলা, ৬ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে রোববার ডুবন্ত একটি ফেরি থেকে ৯০০ মানুষকে উদ্ধার করা হয়েছে। নিহত হয়েছে অন্ততপক্ষে পাঁচ জন এবং নিখোঁজ রয়েছে আরও ৬৩ জন। উপকূলীয় গার্ডরা একথা জানিয়েছে।
৮৪৭ জন যাত্রী ও ১১৭ জন ক্রু নিয়ে মিন্দানাও দ্বীপের জেনারেল সান্তোস নগরী থেকে কেন্দ্রীয় নগরী লোইলো যাচ্ছিল 'সুপারফেরি ৯'। রোববার সকালে ফেরিটি কাত হতে শুরু করার পরপরই বিপদ থেকে উদ্ধারের জন্য সঙ্কেত পাঠায়।
সঙ্কেত পাওয়ামাত্র উদ্ধারকাজে নামে উপকূলীয় গার্ডরাসহ বিমান, নৌবাহিনীর সদস্যরা। তাদের সঙ্গে ওই এলাকার আরও অনেকেই নৌকা নিয়ে উদ্ধার কাজে যোগ দেয়। উপকূলীয় গার্ড বাহিনীর কমান্ডার এডমিরাল উইলফ্রেডো তামায়ো সাংবাদিকদের একথা বলেছেন।
প্রাথমিক খবরে তামায়ো মোট ৮৭০ জনকে উদ্ধার করার কথা জানান।
তিনি বলেন, "ফেরিডুবির সময় আবহাওয়া পরিস্কার ছিল। তবে ফেরির জেনারেটরে সমস্যার কথা জানিয়েছিল ক্রুরা।"
উদ্ধারকর্মীরা পরবর্তীতে আরও লোকজনকে উদ্ধার করে পাড়ে তুলেছে এবং নিখোঁজদেরকেও শিগগিরি উদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে ফিলিপাইন কর্তৃপক্ষ।
স্থানীয় বেতারে উপকূলীয় গার্ডদের মুখপাত্র কমান্ডার আরমান্দ বালিলো বলেছেন, অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা চলছে। উপকূলীয় গার্ডদের নৌকা এখনও এলাকায় অনুসন্ধান চালাচ্ছে।
কর্মকর্তারা বলেছেন, তারা ফেরিডুবির কারণ খতিয়ে দেখবেন।তবে সরকারের বিপর্যয় সমন্বয় কাউন্সিল থেকে ফেরির হাল হকিকত সম্পর্কিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, ফেরিটিতে ছিদ্র হয়ে যাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।
কাউন্সিলের মুখপাত্র গ্লেন রাবোঞ্জা বলেন, আমরা এ ধরনের একটি রিপোর্ট পেয়েছি। তবে বোর্ড অব মেরিন ইনকোয়ারি বিষয়টি খতিয়ে দেখে চূড়ান্ত রিপার্টে না দেওয়া পর্যন্ত আসলেই কি ঘটেছে তা বলা যাচ্ছে না।
ফিরিটি ২ লাখ লিটার শিল্প জ্বালানি তেল বহন করছিল। এছাড়াও ফেরিতে ছিল ৮০ হাজার লিটার অটোমোটিভ ডিজেল তেল এবং ১০ হাজার লিটার যন্ত্রে ব্যবহার্য তেল। ফেরিটি সান্তোস থেকে লোইলো এবং ম্যানিলায় ফেরার সময় দুর্ঘটনাকবলিত হয়।
দ্বীপদেশ ফিলিপাইনে ফেরি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবহন। কিন্তু অতিরিক্ত যাত্রী বহন এবং ফেরির যথাযথ রক্ষণাবেক্ষণ ব্যবস্থার অভাবে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।
গত বছর টাইফুনের কবলে পড়ে প্রিন্সেস অব দ্য স্টার ফেরি ডুবে ৮০০ জনেরও বেশি মানুষ নিহত হয়। এর আগে ১৯৮৭ সালে তেলের ট্যাংকারের সঙ্গে ধাক্কা খেয়ে আরেকটি ফেরিডুবিতে ৪ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩৫১ ঘ.
bdnews24